শীর্ষবিন্দু নিউজ: দশম সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ প্রতীকটি আবার স্থানীয় সরকার নির্বাচনেরও প্রতীক ছিল। তাই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, টেলিভিশন প্রতীক জাতীয় নির্বাচনের প্রতীক হওয়ায় এটি আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ দেওয়া হবে না। ইসির উপ-সচিব রকিব উদ্দীন মণ্ডল স্বাক্ষরিত পরিপত্রটি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জয় পেয়েছেন বিএনএফ চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ। এ আসনে টেলিভিশন প্রতীকে তিনি বিজয়ী হন। স্থানীয় সরকার নির্বাচনে টেলিভিশন প্রতীক না থাকা প্রসঙ্গে সোমবার বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এখন থেকে আর সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ প্রতীক বরাদ্দ দেওয়া হবে না।