শীর্ষবিন্দু নিউজ: র্যাব এখন গুম-খুন-ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাটসংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এক জনসভায় তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়ার দাবি, গত ৫ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি।ওই দিন নির্বাচনের কেন্দ্রগুলো ছিল ফাঁকা।ভোটকেন্দ্রের সামনে কুকুর পাহারা দিয়েছে।জনগণ ওই নির্বাচন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।কারণ, জনগণ সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে যাওয়ার কথা বলেছিল।কিন্তু একদলীয় নির্বাচন হওয়ায় জনগণ তা প্রত্যাখ্যান করেছে।
সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এই সংসদ অবৈধ সংসদ।এই সরকার অবৈধ।সংসদের ১৫৩ জন কোনো ভোটে নির্বাচিত হননি।তিনি বলেন, জনগণের টাকায় সংসদ চলে।কিন্তু সেই সংসদে এখন মিথ্যাচার, গালাগালি ছাড়া আর কিছু চলে না।বাংলাদেশে আজ চলছে শুধু সন্ত্রাস, টেন্ডারবাজি আর ছাত্রলীগের দখলদারি।
খালেদা জিয়া বলেন, ক্ষমতায় যাওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকার একের পর এক গুম-খুন করছে।গুম আর খুন—এই হলো আওয়ামী লীগের কর্মকাণ্ড।তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ রক্ষীবাহিনী সৃষ্টি করেছিল।এখন র্যাবকে দিয়ে একই কাজ করানো হচ্ছে।