শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট জামিল মাহুয়াদকে (৬৪) অর্থ-আত্মসাতের অভিযোগে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির জাতীয় বিচার আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করে। আদালতের দেয়া রায়ে বলা হয়, জামিলের অপরাধ সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে, যার পরিণতি আজও ভোগ করে চলেছে ইকুয়েডর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অর্থ-আত্মসাতের মামলায় তাকে রিমান্ডে নেয়ার জন্য আদালত একটি নির্দেশ জারি করেছিল। ১৯৯৮ সালে জামিল মাহুয়াদ ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ২০০০ সালের জানুয়ারি মাসে ইকুয়েডরবাসীর বিক্ষোভ আন্দোলন ও সেনা বিদ্রোহের মুখে পদত্যাগে বাধ্য হন তিনি। এদিকে জামিল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।