শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হিজড়া জনগোষ্ঠী সিলেট এর উদ্যোগে হিজড়াদের পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার সিলেট নগরীর কোর্টপয়েন্টে দুপুর ১২ টায় মানব বন্ধন করেছে। মানব বন্ধন শেষে হিজড়া জনগোষ্ঠী সিলেট, সিটি কর্পোরেশন মেয়র, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ডেপুটি ডিরেক্টর সমাজসেবা বরাবর স্মারকলিপি প্রদান করে।
মানব বন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, হিজড়া জনগোষ্ঠী কদমতলী বস্তিতে ২২বছর যাবৎ বসবাস করে আসছে। গত ২৯মে রাত ১.৩০ মিনিটের সময় হঠাৎ হিজড়া বস্তিতে পুলিশি তল্লাশী চালায়। ঘুম থেকে উঠে দেখি চারপাশে পুলিশ ঘিরে রাখে। এবং ৫ দিনের মধ্যে বস্তি ছাড়ার নির্দেশ দেয়। হিজড়া জনগোষ্ঠী মাদক সহ অবৈধ কাজের সাথে জড়িত অভিযোগ এনে ৪০ জন হিজড়া সদস্যদের বস্তি ছাড়ার আলটিমেটাম দেয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে হিজড়া জনগোষ্ঠির বসবাসের সুযোগ রয়েছে। কিছু সংখ্যক অসাধু ব্যক্তির পরোচনায় হিজড়া জনগোষ্ঠিকে এলাকা থেকে বিতাড়িত করে শুধু মৌলিক অধিকারই লংঘন করেনি, মানবাধিকারকে করেছে ভুলণ্ঠিত। মানবাধিকার রক্ষায় সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও অবহেলিত হিজড়াদের কল্যাণে কোন উদ্যোগ গ্রহণ করেনি।
ফলে তাদেরকে চরম মানবেতর জীবন যাপন করতে হয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকা সুযোগ নয়, অধিকার । সকলের যেমন অধিকার রয়েছে আমাদেরও রয়েছে বেঁচে থাকার অধিকার। সিলেট এলাকায় কয়েক লাখ একর সরকারী ভূমি অবহেলায় পড়ে রয়েছে। হিজড়াদের পুনর্বাসনে সরকারী সম্পত্তি প্রদান করার মাধ্যমে তাদের মৌলিক অধিকার রক্ষায় সিলেটে এ যাবৎ কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় শতাধিক হিজড়া ভূমিহীন অবস্থায় জীবন যাপন করছে। বক্তারা অবিলম্বে হিজড়াদের স্থায়ী পুনর্বাসনের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।