মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৭

সিলেটে দুই প্রতিবন্ধীকে চাকরি দিয়েছে পূবালী ব্যাংক

সিলেটে দুই প্রতিবন্ধীকে চাকরি দিয়েছে পূবালী ব্যাংক

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে দুই প্রতিবন্ধীকে কর্মকর্তা পদে চাকরি দিয়েছে পূবালী ব্যাংক। শুক্রবার সন্ধ্যায় সিলেটে এক বর্ণ্যাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুই চাকরি প্রার্থীর হাতে ব্যাংকের নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

পূবালী ব্যাংকের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী শারীরিক প্রতিবন্ধী সানজিদা রহমান ও দৃষ্টি প্রতিবন্ধী দেওয়ান সালামত রাজা চৌধুরীর হাতে নিয়োগপত্র তুলে দেন। নগরীর দরগাহ্‌ গেট এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে অনুষ্ঠিত এই নিয়োগ প্রদান অনুষ্ঠানের শুরুতে পূবালী ব্যাংকের মানবিক ব্যাংকিং কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী।

এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা উপযুক্ত পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা এই মানবিক দায়িত্ব পালনে সাড়া দিয়ে এ দু’জন শারীরিক প্রতিবন্ধীকে পূবালী ব্যাংকে নিয়োগ প্রদান করেছি। ভবিষ্যতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এমবিএ ডিগ্রিধারী সানজিদার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই গ্রামে ও স্নাতক ডিগ্রিধারী সালামত রাজার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পানাইল সাহেববাড়ী এলাকায়।

এসময় আরো বক্তব্য রাখেন-পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) জুবায়ের সিদ্দিকী, শাহজালাল (র.) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, জেলা বারের সভাপতি রুহুল আনাম মিন্টু, রোটারিয়ান ড. মঞ্জুরুল হক চৌধুরী, লায়ন্স এম মুহিবুর রহমান, সাংবাদিক ইকবাল সিদ্দিকী প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026