শীর্ষবিন্দু নিউজ: সোনালী ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির পর আর্থিক খাতের দুর্নীতি নিয়ে সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে। আগামী অর্থবছরের (২০১৪-১৫) মাঝামাঝি সময়ে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার জাতীয় সংসদে বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় তিনি বলেন, “আর্থিক খাতে কেলেঙ্কারি আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর। আমার মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। সারা জাতির জন্য এটা বড় ধরনের কেলেঙ্কারি। আগামী অর্থবছরের মাঝামাঝি এ বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবো। আমাদের সংসদে উত্থাপন করব। সেখানে এ ধরনেরর সমস্যা-সঙ্কট মোকাবেলার জন্য কী করা যেতে পারে, তার সম্পর্কে দিক নির্দেশনা থাকবে।
২০১৪-১৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় বাজেট বক্তৃতায় এ বিষয়ে কিছু না বলায় দুঃখ প্রকাশ করে মুহিত বলেন, ইচ্ছে করেই বেশি কিছু উল্লেখ করিনি। আমরা এ বিষয়ে এখনো প্রস্তুত নই। সংস্কারগুলো করার বিষয়ে এখনো প্রস্তুত নই। সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকের হল-মার্ক ঋণ কেলেঙ্কারি নিয়ে অর্থমন্ত্রীকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে।
এর মধ্যেই রাষ্ট্রায়ত্ত খাতের আরেক ব্যাংক বেসিক ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির ঘটনাও সরকারকে বেকায়দায় ফেলেছে। সোনালী ব্যাংকের আড়াই হাজার টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে, যাতে ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আসামি। অন্যদিকে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে কয়েকজন কর্মকর্তাকে।