শীর্ষবিন্দু নিউজ: দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দুই উপ-পরিচালককে শোকজ করা হয়েছে। এক ব্যবসায়ীকে ভয়-ভীতি দেখিয়ে ৩৭ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে তাদের শোকজ করা হয়। অভিযুক্ত দুই কর্মকর্তারা হলেনÑ বগুড়া দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ হোসেন ও প্রধান কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা। ঘুষ নেয়ায় তাদের দু’জনের মধ্যে যোগসাজশ রয়েছে বলেও দুদক জানায়। দুদকের কমিশনার মো. শাহাবুদ্দীন চুপ্পু মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের উচ্চ পর্যায়ের নিজস্ব অনুসন্ধানে ৩৭ লাখ টাকা ঘুষ নেয়া এবং আরও ২০ লাখ টাকা ঘুষ দাবির তথ্য তারা পেয়েছেন। এরই প্রেক্ষিতে আগামী সাত দিনের মধ্যে তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কমিশনার শাহাবুদ্দীন চুপ্পু। তিনি বলেন, দুদকের এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এলে কমিশন তা যাচাই-বাছাই করে।
এরপর তাদের কাছ থেকে সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। চুপ্পু আরও বলেন, দুর্নীতি দমন কমিশন কর্মচারী চাকরি বিধিমালা ২০০৮ অনুযায়ী তাদের আত্মপক্ষ সমর্থন করে অভিযোগ বিষয়ে প্রমাণসহ জবাব দিতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।