রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৬

আয়োজিত অনুষ্ঠানে টানা-হেঁচড়া দেশরত্ন পরিষদ নিয়ে

আয়োজিত অনুষ্ঠানে টানা-হেঁচড়া দেশরত্ন পরিষদ নিয়ে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: শুক্রবার বেলা ১১টা শিল্পকলা একাডেমিতে বিএনপি জামায়াতের কূটনৈতিক অপতৎপরতা: বাংলাদেশের উন্নয়নে অন্তরায় শীর্ষক এক আলোচনা সভা শুরুর অপেক্ষায় আগতরা।

আয়োজক সংগঠন বাংলাদেশ দেশরত্ন পরিষদ। মন্ত্রীও প্রস্তুত। তবে বিপত্তিটা বাধালেন আনুমানিক পঞ্চাশ বয়সী এক নারী। মঞ্চে ওঠেই সংগঠনের মালিকানা নিয়ে কি যেন কাগজপত্র দেখাতে শুরু করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে। এ সময় মন্ত্রী তাকে বলছিলেন, বিষয়টি তিনি পরে দেখবেন।

বেরসিক ওই নারী তা না মেনে অনুষ্ঠানের মাইক্রোফোন কেড়ে নিয়ে বলতে থকেন, আপনারা যে সংগঠনের অনুষ্ঠানে এসেছেন সে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমি, আমার এই সংগঠন চিত্ত রঞ্চন দাস নিয়ে গেছে…।একাডেমির হলে এ সময় আয়োজকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা মাইক বন্ধ করে দিলেও বলতে থাকেন ধানমন্ডি থানা মহিলা লীগ সভাপতি পরিচয় দেয়া সৈয়দা রাজিয়া মোস্তফা।

এক পর্যায়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দিতে শুরু হয় টানা-হেঁচড়া। এ যাত্রায় আয়োজকরা সফলও বটে। এ সময় পাশ থেকে শোনা গেল চিত্ত রঞ্চন দাস বলছেন, আমারটার নাম বাংলাদেশ দেশরত্ন পরিষদ। আর আপনারটার নাম ছিলো দেশরত্ন পরিষদ বাংলাদেশ। মূলত চিত্ত রঞ্জন দাসের বাংলাদেশ দেশরত্ন পরিষদ ছিল ওই আলোচনা সভার আয়োজক। তবে এই সংগঠন কবে গড়া হয়েছে সে বিষয়ে কারো কাছেই সদুত্তর পাওয়া গেল না।

মঞ্চ থেকে নেমে যাওয়ার পরও আয়োজকদের পক্ষের এক নারীর সঙ্গে হাতাহাতির চিত্রটা চোখ এড়ালো না। এক পর্যায়ে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় রাজিয়া মোস্তফাকে। অডিটোরিয়ামের বাইরে এসে সৈয়দা রাজিয়া মোস্তফা গণমাধ্যমকে বলেন, এই সংগঠনটি আমার। গত ২০০২ সাল থেকে আমি এর প্রতিষ্ঠাতা সভাপতি। আমাকে বাদ দিয়েই চিত্ত রঞ্জন এর সভাপতি হয়েছে। এ বিষয়ে আমার কাছে অনুমতি নিতে ৩/৪ দিন আগে পায়ে ধরে বসে ছিলো।

নিজের সৃষ্টি সংগঠন বেহাত হয়েছে এই দাবি করে রাজিয়া মোস্তফা বলেন, চিত্ত রঞ্জন বিভিন্ন সংগঠনের নামে অনুষ্ঠান করে দোকানদারি করছে। মায়া ভাইকে (মন্ত্রী) কয়েকদিন ধরে এ বিষয়ে জানানোর জন্য টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি পিযুষ বন্দোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026