শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কখনোই বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশের প্রস্তাব করেনি বলে জানিয়েছেন মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন। বৃহস্পতিবার রাজধানীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ভারতীয় মুখপাত্র বলেন, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকারের কোনো প্রস্তাব ছিল না। এই প্রস্তাব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি নজরে আনা হলে তা অস্বীকার করেন আকবর উদ্দিন। তিনি বলেন, এমনকি আগমনের পর তাৎক্ষণিকভাবে ভিসা দেয়ার বিষয় নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বাংলাদেশও ভিসা অন অ্যারাইভালের সুযোগ পাবে যখন এটা নিয়ে সিদ্ধান্ত হবে।
তবে ভারত সরকার এর মধ্যেই ৬৫ বছরের বেশি এবং ১৩ বছরের কম বয়সীদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। তার আগেই পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সংবাদ সম্মেলনে এবিষয়ে ঘোষণা দেন। আকবরউদ্দিন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের বৈঠকের মূল কেন্দ্রবিন্দু ছিল আঞ্চলিক সংযোগ।
তিনি বুঝাতে চেয়েছেন, দুদেশের মানুষে মানুষে সংযোগ, জ্বালানি সহযোগিতা, পরিবহন ও ধারণার বিনিময়। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত ও অংশীদার হতে প্রস্তুত এবং নতুন সরকারও সম্পর্কে নতুন মাত্রা দিতে প্রস্তুত।