শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯

বাজেটে কালো টাকা বৈধ করার বিধান রাখায় উদ্বিগ্ন টিআইবি

বাজেটে কালো টাকা বৈধ করার বিধান রাখায় উদ্বিগ্ন টিআইবি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জাতীয় সংসদে পাশকৃত অর্থবিলে কালো টাকা বৈধ করার বিধান রাখায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করে সরকারকে বিধানটি বাতিলের আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কালো টাকা সাদা করার অনৈতিক বিধানটি অব্যাহত রাখায় সরকারের নীতিকাঠামো দুর্নীতির হাতে জিম্মি হয়ে পড়েছে বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। এটি সংবিধানের ২০(২) অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক এবং সরকারের ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মনোভাব বা বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ঘোষিত উদ্যোগের পরিপন্থি। পরস্পরবিরোধী এই অবস্থানের ফলে দেশে দুর্নীতিকে পুরস্কৃত করা ও প্রাতিষ্ঠানিকীকরণের দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।

তিনি আরো বলেন, এ রকম বিধান চালু হলে তা হবে একদিকে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের মাধ্যমে দুর্নীতি ও অনৈতিকতাকে পুরস্কৃত করার সমার্থক, অন্যদিকে তা সততা ও বৈধতাকে নিরুৎসাহিত করে অধিকতর চ্যালেঞ্জের মুখে ফেলবে।  আবাসন খাতের সৎ ক্রেতাদের জন্য বিধানটি বৈষম্যমূলক হবে এবং তা জনগণকে অনৈতিক আয়ে উদ্বুদ্ধ করবে। শুধু তাই নয়, সরকারের এই অবস্থান আবাসন খাতে বিদ্যমান অনিয়মকে প্রশ্রয় দেবার পাশাপাশি খাতটিকে একটি সরকারি পৃষ্ঠপোষকতা নির্ভর দুর্নীতি সহায়ক খাত হিসেবেও পরিগণিত করবে।

বিবৃতিতে আরো বলা হয়, টিআইবি দীর্ঘদিন থেকেই বাজেটে কালো টাকা বৈধ করার বিধানের বিপক্ষে অ্যাডভোকেসি করে আসছে। এরই ধারাবাহিকতায় বাজেট ঘোষণার আগে গত ২৭ মে, দীর্ঘদিনের উদ্বেগ পুনর্ব্যক্ত করে বর্তমান বাজেটে কালো টাকা বৈধকরণের সুযোগ না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026