নিউজ ডেস্ক: বন্ধ হয়ে যাচ্ছে সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প। রেজিস্টার জেনারেলের কার্যালয় ও জন্ম-মৃত্যু নিবন্ধন অফিস স্থাপিত না হওয়া এবং লোকবলের অভাবে প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে। আজ ৩ জুলাই বৃহস্পতিবার জন্ম একবার, নিবন্ধন-ও একবার স্লোগানে পালিত হচ্ছে জন্ম নিবন্ধন দিবস। এ উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী।
নিভরযোগ্য সূত্রের তথ্য মতে জানা গেছে। ২০১৪ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর প্রকল্পের মেয়াদ আর না বাড়ানোয় এ প্রকল্প নিয়ে সংশয় দেখা দিয়েছে। লোকবল সংকট ও গ্রামে ইন্টারনেট সংযোগের অভাবে নিবন্ধিত প্রায় ৫ কোটি ৮ লাখ মানুষ অনলাইন জন্ম নিবন্ধনে অন্তর্ভূক্ত হয়নি। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখা ও জন্ম-মৃত্যুর একটি স্থায়ী ডাটাবেজ সংরক্ষণের জন্য সরকার ২০১৩ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন সংশোধন করে। সাথে রেজিস্ট্রার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিস স্থাপনের ঘোষণা দেয়।
প্রকল্প পরিচালক বলেন, প্রকল্পের মেয়াদ শেষে আমরা পরিকল্পনা কমিশনে প্রকল্পে মেয়াদ একবছর বৃদ্ধি করতে সুপারিশ পাঠিয়েছি। কিন্তু কোন আশ্বাস পাইনি। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হলে বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ২০০৭ সালে এ প্রকল্প (দ্বিতীয় পর্যায়ে) আরম্ভ হয়েছে। ২০১২ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। অনলাইনে নিবন্ধনে সাড়া না পাওয়া, রেজিস্টোর জেনারেল কার্যালয় স্থাপন না হওয়া, লোকবলের অভাবে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হয়নি। দুই দফা একবছর করে বৃদ্ধি করেও এসব সমস্যার কারণে প্রকল্প লক্ষ্যে পৌঁছা সম্ভব হয়নি।
তিনি বলেন, প্রকল্পে ইউনিসেফ ৭ কোটি ও সরকার ১ কোটি ২৮ লাখ টাকা দিয়েছে। প্রকল্প রাজস্বে গেলে ও রেজিস্টার জেনারেলের কার্যালয় হলে ব্যয় হবে ২ কোটি ৮৮ লাখ টাকা। তিনি আরও বলেন,‘প্রকল্প টিকিয়ে রাখতে হলে মেয়াদ বাড়ানো ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় স্থাপনের কোনো বিকল্প নেই।’ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রকল্প মেয়াদ বাড়ানোর আহবান জানান। বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ জালিয়াতি ব্যাপক হারে বেড়ে গেছে। কঠোর আইন থাকা সত্ত্বেও রেজিস্টার জেনারেলের কার্যালয় না থাকায় মামলা ও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
এসময় তিনি দেশের বিভিন্ন স্থানে জন্ম ও মৃত্যু সনদ নিয়ে মারাত্বক জালিয়াতি করার পরও কার্যালয় ও লোকবল না থাকায় ব্যবস্থা নেওয়া যায়নি বলে অসহায়ত্ব প্রকাশ করেন। সাইফুল ইসলাম বলেন, দেশে ও বিদেশে (৩৪টি দেশের ৪৫টি বাংলাদেশ মিশন কার্যালয়ে নিবন্ধিত ৬ লাখ ২২ হাজার ১৫১জন) ৩০ জুন পর্যন্ত ১১ কোটি ১৭ লাখ হাতে লেখা জন্ম তথ্য অনলাইনের অন্তর্ভূক্ত হয়েছে। সারাদেশের ৪ হাজার ৯৯৬টি জন্ম ও মৃত্যু নিবন্ধন কেন্দ্র এলাকার মধ্যে ২ হাজার ১৭২টি পুরোপুরি অনলাইনের আওতায় এসেছে। প্রকল্প বাস্তবায়িত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত বাকি ৫ কোটি ৮ লাখ ৫ হাজার ৭১৩ জন মানুষকে হাতে লেখা জন্মতথ্য অনলাইনে আনার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, ২০১৫ সালের নভেম্বরের পর বিদেশ যেতে মেশিন রিডেবল পাসর্পোট করতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাছাই ছাড়া কোনোভাবে সম্ভব নয়। ৭টি লক্ষ্য নিয়ে আমরা এ প্রকল্প বাস্তবায়ন করছি। তিনি বলেন, অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন হয়ে গেলে বয়স প্রমাণের জন্য নাগরিকরা ১৮টি ক্ষেত্রে পুরোপুরি এর সুফল পাবেন। জালিয়াতি রোধের পাশাপাশি পরবর্তী প্রজন্ম এর সুফল পাবে।
উল্লেখ্য; দেশের ১৬ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ২১১ জনসংখ্যার মধ্যে ২০১৩ সাল পর্যন্ত জন্ম-নিবন্ধিত হয়েছেন ১৬ কোটি ২৫ লাখ ৫ হাজার ৭১৩ জন। মৃত্যু বাদে বর্তমানে নিবন্ধিত ১৫ কোটি ৫৬ লাখ। দেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড ও ৩৬টি দূতাবাসে বর্তমানে অনলাইন জন্ম-নিবন্ধনের কাজ চলছে।