সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫০

সারাদেশের সাথে চট্টগ্রামের ট্রেন বিচ্ছিন্ন: সাড়ে ৬ ঘন্টা পর চালু

সারাদেশের সাথে চট্টগ্রামের ট্রেন বিচ্ছিন্ন: সাড়ে ৬ ঘন্টা পর চালু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল নয়টার দিকে উদ্ধারকাজ শুরু হয়েছে।

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর দেড়টার দিকে রেল চলাচল শুরু হয়েছে। এদিকে দুপুর একটা ২০ মিনিটের দিকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে গেলেও প্রভাতী ও কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।

তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে ফৌজদারহাট স্টেশনে যাচ্ছিল। স্টেশনের প্রবেশপথে ট্রেনটির ইঞ্জিন ও তেলবাহী পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে তেলবাহী দুটি বগি অন্য দিকের লাইনে (ডাউন লাইন) পড়ে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল হাই বলেন, ট্রেনটির চালক সিগন্যাল অমান্য করে স্টেশনে প্রবেশের চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে। ট্রেনটির দুই চালক উত্তম কুমার ভট্টাচার্য ও দিদারুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ফৌজদারহাট স্টেশনের স্টেশনমাস্টার মো. সামসুদ্দোহা জানান, এ ঘটনার পর সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাঁচটি ট্রেন চট্টগ্রাম স্টেশন ছাড়েনি। অপরদিকে চট্টগ্রামমুখী চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। চট্টগ্রাম স্টেশন ছাড়েনি ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী ও চট্টলা এক্সপ্রেস। এ ছাড়া রয়েছে সিলেটগামী পাহাড়িকা ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস ফৌজদারহাট স্টেশনে আটকা পড়েছে। ঢাকা থেকে আসা চট্টগ্রাম মেইল সীতাকুণ্ড স্টেশনে, মহানগর গোধূলি কুমিরা স্টেশনে এবং তূর্ণা নিশীথা সিনকি আস্তানায় আটকা পড়েছে।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, ফৌজদারহাট এলাকায় ওয়াগন লাইনুচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল শুরু হয়েছে। দুপুর একটা ২০ মিনিটের দিকে সুবর্ণ ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, যাত্রীরা ফিরে যাওয়ার কারণে প্রভাতী ও কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। কিছুটা দেরিতে হলেও বিকেলের ট্রেনগুলো চট্টগ্রাম ছেড়ে যাবে বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026