আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় গতকাল মঙ্গলবার টাইফুন নিউগুরির আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছে দুজন। আজ বুধবার এএফপির খবরে এ তথ্য জানানো হয়। আজ বুধবার জাপানের মূল ভূখণ্ডের দিকে ধেয়ে যাচ্ছিল এই সামুদ্রিক ঝড়।
গতকালের ঝড়ে ওকিনাওয়ার রাজধানী নাহায় সব ট্রাফিক বাতি অকেজো হয়ে গেছে, প্রচুর গাছপালা ভেঙে পড়েছে, সাইনবোর্ড উড়ে গেছে এবং একটি রেস্তোরাঁ বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে দ্বীপের প্রায় ৭০ হাজার বাড়িঘর বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, টাইফুনের সীমার মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কাল বৃহস্পতিবার সকালে এটি দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিওসুতে আঘাত হানতে পারে। আজ সকালে টাইফুনটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল কিউসু থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে পূর্ব চীন সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। গত সোমবার আবহাওয়া দপ্তর এই টাইফুনের ব্যাপারে ওকিনাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করে। দ্বীপের প্রায় পাঁচ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।