শীর্ষবিন্দু নিউজ:
: ২০১৩-১৪ অর্থবছরে ৫৪০ কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৪৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত বছরের তুলনায় প্রবৃদ্ধির হার ২৩ ভাগ বেশি। জাতীয় মুসক দিবসে বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অঞ্চলের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান এ তথ্য দেন। এবারের মুসক দিবসের স্লোগান ছিলো- মুসক দেবো জনে জনে, অংশ নেবো উন্নয়নে।
গত বছরের তুলনায় এবার সিলেট বিভাগে বেশি মুসক আদায় হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অঞ্চলের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান বলেন, ব্যবসায়ীদের সদিচ্চায় এবার গত বছরের তুলনায় বেশি মুসক আদায় হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সিলেট নগরীতে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সামনে এসে শেষে হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ড. এ কে এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি সিলেট বিভাগের শ্রেষ্ট মুসকদাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, একজন সুনাগরিক হিসেবে ট্যাক্স-ভ্যাট দেওয়া আমাদের কর্তব্য। দেশের নাগরিক হিসেবে আমরা সরকারের কাছ থেকে সকল সুবিধা পাওয়ার জন্য মুসক দিয়ে সরকারের হাতকে শক্তিশালী করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মকবুল হোসেন। অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ ও কাস্টমস এক্সাইজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বৃহস্পতিবার থেকে আগামী ১৬ জুলাই পর্যন্ত মুসক সপ্তাহ-২০১৪ উদযাপন করা হবে।