শীর্ষবিন্দু নিউজ: ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও জীবননাশী নৃশংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে চলমান পরিস্থিতিতে উভয়পক্ষকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগ এক বিবৃতিতে সরকারের পক্ষে এ নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও জীবননাশী সহিংসতার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে মর্মাহত। বিমান হামলায় মর্মান্তিকভাবে বেসামরিক লোকজনের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর নতুন করে হুমকি সৃষ্টি করেছে। ইসরায়েলের এ আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়ে গাজায় বেসামরিক লোকজনের ওপর নৃশংসতা বন্ধে উভয়পক্ষকে সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। বিবৃতিতে জানানো হয়, আরব অঞ্চলের শান্তি পরিকল্পনা ও রোডম্যাপ অনুযায়ী ফিলিস্তিন প্রসঙ্গে জাতিসংঘ গৃহীত প্রস্তাবনার সঙ্গেই বাংলাদেশ একমত পোষণ করে। যে কোনো ধরনের প্রাণহানি বন্ধে বাংলাদেশ উভয়পক্ষকে সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং চলমান সমস্যা সমাধানে আগের মতো শান্তি প্রক্রিয়া পুনর্জীবিত করার লক্ষ্যে সংলাপে বসার আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সন্দেহাতীতভাবে বিশ্বাস করে, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি ভূমি দখল অবশ্যই বন্ধ হবে এবং রাজধানী পশ্চিম জেরুসালেম নিয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র পাবে ফিলিস্তিনি জনগণ। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও জীবননাশী নৃশংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে চলমান পরিস্থিতিতে উভয়পক্ষকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়েছে।