সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪

ভারতে ধর্ষণ বাড়ায় আমিষ খাবার ও মোবাইলকে দুষলেন মন্ত্রী

ভারতে ধর্ষণ বাড়ায় আমিষ খাবার ও মোবাইলকে দুষলেন মন্ত্রী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণের শিকার হচ্ছেন কোনো নারী। দেশটিতে দিন দিন ধর্ষণের ঘটনা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে রাজনীতিবিদদেরও উদ্ভট নানা মন্তব্য। সেই দলে এবার নাম লেখালেন বিহার রাজ্যের কলা, সংস্কৃতি ও যুববিষয়ক মন্ত্রী বিনয় বিহারি।

বিনয় বিহারির দাবি, মোবাইল ফোনের ব্যবহার আর আমিষ জাতীয় খাবার খাওয়ার কারণে ভারতে যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। পিটিআই জানায়, গতকাল মঙ্গলবার বিধানসভার অধিবেশনের পর বিনয় বিহারি সাংবাদিকদের বলেন, অনেক শিক্ষার্থী মোবাইল ফোনের অপব্যবহার করছে। তারা মোবাইলে নগ্ন ছবি ও অশ্লীল নৃত্য দেখে মনকে কলুষিত করছে। মোবাইলে নগ্ন ছবি দেখাকালে দুই ছাত্রকে হাতেনাতে ধরার দাবি করে মন্ত্রী বলেন, বিদ্যালয়ের ছাত্রদের হাতে দামি মোবাইল ফোন দেখে অবাক হতে হয়। তারা একে অপরকে নোংরা খুদেবার্তাও পাঠায়।

তিনি আরও বলেন, ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে, আত্মরক্ষার রিভলবারের লাইসেন্স দেওয়া হলো। কিন্তু সেই রিভলবারের অপব্যবহার করে অপরাধের মতো কাজ করা হচ্ছে। মোবাইল ফোনের এমন অযাচিত ব্যবহারে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বেড়ে যাচ্ছে বলে মন্ত্রী দাবি করেন। তিনি বিদ্যালয়েগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন। শিক্ষা বিভাগকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিরামিষভোজী বিনয়ের দাবি, আমিষ জাতীয় খাবার যৌনাকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। কিন্তু নিরামিষ খাবার শরীর-মনকে পবিত্র ও সতেজ রাখে। এমনকি বিধানসভায়ও বিধায়কদের মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয় মন্তব্য করে তিনি বলেন, অধিবেশন চলাকালে আমি নিজেও মোবাইল ফোন নিয়ে বিধানসভায় প্রবেশ করি না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026