রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০২

ভারতীয় পোশাকের দখলে সিলেটের ঈদ বাজার

ভারতীয় পোশাকের দখলে সিলেটের ঈদ বাজার

নাসির উদ্দিন: ঈদকে সামনে রেখে সিলেট বিভাগের শতাধিক পয়েন্ট দিয়ে আসছে ভারতীয় চোরাই পোশাক। চোরাচালান বাণিজ্যের ক্ষেত্রে এ বছর সিলেটের ব্যবসায়ীরা অন্তত তিনশ’ কোটি টাকা বিনিয়োগ করেছেন বলেও জানা গেছে।

এর ফলে চোরাই পথে আসা ভারতীয় কাপড়ে ছেয়ে গেছে সিলেটের ঈদ বাজার। নাম প্রকাশ না করার শর্তে সিলেটের একাধিক ব্যবসায়ী এসব তথ্য নিশ্চিত করেন।

বর্তমানে সিলেটের বস্ত্র বাজারের ৭০ ভাগই ভারতীয় কাপড়। প্রতিদিনই সীমান্ত দিয়ে আসছে শাড়ি, থ্রি-পিছ, থান কাপড়, পাঞ্জাবি, শিশু ও তরুণীদের জন্য তৈরি রকমারি পোশাক। সীমান্ত অতিক্রম করার পর চোরাকারবারিরা ট্রাক, মাইক্রোবাস, টেম্পো ও ট্রেনে করে চোরাই পণ্য গন্তব্যে পৌঁছাচ্ছে।

তবে, বেশির ভাগ ব্যবসায়ী জানিয়েছেন, ঢাকার আমদানিকারকদের কাছ থেকেই তারা ভারতীয় কাপড় সংগ্রহ করে থাকেন। ঢাকার চাঁদনীচক, গাউছিয়া, ইসলামপুরসহ বিভিন্ন স্থান থেকে তারা ভারতীয় কাপড় পাইকারি দরে নিয়ে আসেন।

ভারতের সাথে সিলেট বিভাগের প্রায় ৭শ’ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এরমধ্যে সিলেট বিজিবি-৫ ব্যাটালিয়নের অধীনে রয়েছে ১০৬ কিলোমিটার। চোরাচালানের সঙ্গে সীমান্তবর্তী জনপদের বিপুল সংখ্যক মানুষ জড়িত। তারা দুশ’ থেকে তিনশ’ টাকা মজুরিতে চোরাই পণ্য পাচারে সহায়তা করে থাকে।

চোরাচারানের উল্লেখযোগ্য পয়েন্টগুলো হলো- সিলেট জেলার জকিগঞ্জের মানিকপুর, আটগ্রাম, গঙ্গাজল, আমলসিদ, বিয়াবাইল, বারঠাকুরী, বিলাকান্দি, আলমনগর, লোহার মহল, খলাছড়া ও পীরনগর। বিয়ানীবাজারের সুতারকান্দি, সারপার, গজুকাটা, লাউতা। কানাইঘাটের, লোভাছড়া, মমতাজগঞ্জ, কালিনগর। কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, কালাইরাগ, কালিবাড়ি, নাজিরের গাঁও, চিকাডহর, ভরনসিদ্ধিপুর, আমবাড়ী ও নয়াবস্তি-তুরং এলাকা। গোয়াইনঘাটের বিছনাকান্দি, বগাইয়া, হাদারপাড়, পাদুয়া, সংগ্রাম, সোনাটিলা, প্রতাপপুর, কমলাবাড়ী ও তামাবিল। জৈন্তাপুর উপজেলার  শ্রীপুর ও লালখাল।

সুনামগঞ্জ জেলার তাহিরপুরের লাউড়েরগড়, মনাইরপাড়, ভাওয়াইলাঘাট, আরপীনের টিলা, বাকেরটিলা, বড়গোপ খেয়াঘাট, পাহাড়তলী, রাজাই, করইগড়া, টেকেরঘাট, বোরঙ্গাছড়া, ভাঙ্গারঘাট কোয়ারীরপাড়, বড়ছড়া, লাকমা গ্রাম, লালঘাট, চারাগাঁও, বাঁশতলা, জঙ্গলবাড়ী, লামাঘাট, রন্দুরছড়া,  ও ছড়ারপার। জেলার ছাতক উপজেলার সোনালীচেলা, ইছামতী, দোয়ারাবাজারের বোগলা, শ্রীপুর, কাঁঠালবাড়ী, বাংলাবাজার, বিশ্বম্ভরপুরের চিনাকান্দি, মাছিমপুর, সুনামগঞ্জ সদরের নারায়ণতলা। ধর্মপাশা উপজেলার মাঝিরাবন্ধ, মহেষখাল, বাঙ্গালভিটা, রেংকিপাড়া ও কাইট্যাকোনা।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বালা, গুইবিল, চিমটিবিল, মোকামঘাট, রেমা, সাতছড়ি, মাধবপুরের হরষপুর, মুকুন্দপুর।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান। কমলগঞ্জের আদমপুর, ইসলামপুর, মখাবিল, গুলেরহাওর, কাঁঠালকান্দি। কুলাউড়ার শরীফপুর, নোমোজা, মুড়ইছড়া। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, আতুয়া ও বড়াইল পাথারিয়া। জুড়ি উপজেলার ফুলতলা, সাগরনাল চান্দগ্রাম এলাকা ভারতীয় কাপড় চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া সিলেটের বিভিন্ন উপজেলার আরও অন্তত ১৫টি পয়েন্ট দিয়ে ভারতীয় কাপড় চোরাচালান হচ্ছে।

গত শুক্রবার ভোর রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই সীমান্তপথে আসা ভারতীয় চোরাই কাপড়ের একটি চালান আটক করে বিজিবি জওয়ানরা। বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের ধর্মঘর ক্যাম্পের টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করে তার ভেতর তল্লাশি চালিয়ে ২ বান্ডেল ভারতীয় থান কাপড় উদ্ধার করে।

সিলেটের বৃহৎ ফ্যাশন হাউস মনোরম‍ার স্বত্বাধিকারী চৌধুরী মুহাম্মদ সোহেল বলেন, ফ্যাশন হাউসগুলোতে নব্বই শতাংশ কাপড়ই ভারতীয়। তবে চোরাইপথে ভারতীয় কাপড় আমদানি সম্পর্কে তিনি কিছু জানেন না।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উলাহ বলেন, চোরাই পণ্য যাতে নগরীর মার্কেট-দোকোনে প্রবেশ করতে না পারে, এ জন্য নগরীর ৬ থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ভারতীয় চোরাই কাপড় আটকে নগরীর মার্কেটগুলোতে অভিযান চালানোর ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে বলেও জানান তিনি।

বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাম্প্রতিককালে সিলেট সীমান্ত অঞ্চল দিয়ে বিচ্ছিন্ন ভাবে মাদক চোরাচালান ব্যতীত ভারতীয় কাপড়ের কোনো চালান আটক হয়নি। কাপড় চোরাচালান হলেও সিলেটের বাইরের সীমান্ত অঞ্চল দিয়ে হতে পারে।

র‌্যাব ৯’র অধিনায়ক লে. কর্নেল মুফতি মাহমুদ খান বলেন, প্রতি বছরের মতো এবারও চোরাচালানরোধ ও চোরাইপণ্য আটকে র‌্যাবের বিশেষ দল তৎরতা চালাচ্ছে। টহলও জোরদার করা হয়েছে।

সিলেট রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মকবুল হোসেন ভূঁইয়া বলেন, চোরাচালান রোধে সীমান্ত এলাকার থানা পুলিশকে বিশেষ সতর্ক থাকার পাশাপাশি টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি সরাসরি পুলিশ সুপাররা মনিটরিং করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026