শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহুমদ আলী। রোববার পরাষ্ট্রমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
আবুল হাসান মাহুমদ আলীর ভাষায়, সিদ্ধান্তটি কঠোর মনে হলেও তা ছিল অত্যন্ত প্রয়োজনীয়। প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে তার বিরুদ্ধে। অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও ব্যবস্থাপনা ভেঙে পড়েছিল। তাই শেষ পর্যমন্ত তাকে ফিরিয়ে আনা হচ্ছে। এ ব্যবস্থা নেয়ার ফলে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শৃঙ্খলা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের পদ থেকে আমিরা হকের পদত্যাগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি আমাদের দেশের কৃতি সন্তান। তিনি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জাতিসংঘে যে সাফল্য দেখিয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে থাকা এই বাংলাদেশি নারী সম্প্রতি মেয়াদ শেষে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানান। জাতিসংঘ মহাসিচব তার পদত্যাগপত্র গ্রহণ করে শান্তিরক্ষা কর্মসূচিসহ অন্যান্য কাজে আমিরা হকের অবদানের কথা স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।