সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০২

আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হচ্ছে বাংলাদেশে

আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হচ্ছে বাংলাদেশে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাজধানীর আশপাশে আন্তর্জাতিক মানের একটি কনফারেন্স সেন্টার নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা জানান।

সভায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেশ কয়েকজন সচিব, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, রাজউক চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে নির্মিত এই কনভেনশন সেন্টারে প্রায় দুইশ অফিসসহ দুটি বড় হল রুম থাকবে। পাঁচ হাজার মানুষের ধারণা ক্ষমতাসম্পন্ন এ দুটি হলরুমে একসঙ্গে ১০ হাজার লোকের সমাগম ঘটানো যাবে। এছাড়াও একজিকিউশন হল রুম, ছোট ছোট কয়েকটি হল রুমের পাশাপাশি এখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরও একটি করে দপ্তর থাকবে।

রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী এসব তথ্য জানিয়ে বলেন, এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পূর্ত মন্ত্রণালয়ের সচিবকে এ কমিটির প্রধান করা হয়েছে। এছাড়াও বাণিজ্য, রেলপথ ও সড়ক বিভাগের সচিব এবং রাজউক চেয়ারম্যান, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলার ডিসি এ কমিটিতে থাকছেন। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তারপর কাজ শুরু হবে। দুই বছরের মধ্যে কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, কনভেনশন সেন্টারটি নির্মাণে এক থেকে দেড়শ বিঘা জমির প্রয়োজন হবে। এজন্য ঢাকার আশপাশের তিনটি স্থানের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। তবে কমিটি চাইলে এই তিনটি স্থানের বাইরেও উপযুক্ত স্থান নির্ধারণ করতে পারবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ঢাকার আশপাশে যেখানে এই কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে তার কাছাকাছি এলাকায় বিমানবন্দর, রেল যোগাযোগ ও উড়াল সড়কসহ সব ধরনের যোগাযোগের ব্যবস্থা থাকবে। জায়গার নাম শুনে যদি জমির দাম বেড়ে যায় এজন্য এদিন অর্থমন্ত্রী স্থানগুলোর নাম জানাননি।

এ সময় সাংবাদিকরা বাংলাদেশের মতো দেশে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারের চাহিদা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে নানা কারণেই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে। কিছু কিছু দেশ এখানে কনভেনশন করতে আসতে চাচ্ছে। সেসব দিক বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এদিকে অর্থমন্ত্রী নাম উল্লেখ না করলেও সচিবালয়ের একটি সূত্র জানায়, ঢাকার নবাবগঞ্জের ডালিমপুর মৌজার একটি জমিকে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার স্থাপনের জন্য বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। জায়গাটি রাজধানীর জিরো পয়েন্ট থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026