শীর্ষবিন্দু নিউজ: সিলেটের বিমানবন্দর থানা পুলিশের পিকআপ ভ্যান চাপায় সিএনজি অটোরিকশার তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সিলেট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থানার পিকআপ ভ্যানটি সিলেট ক্যাডেট কলেজের সামনে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
বিমানবন্দর থানার ওসি শাহ জামান বলেন- ক্যাডেট কলেজের সামনে একটি ট্রাককে সাইড দেয়ার সময় অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশার যাত্রীরা আহত হন। ওসি জানান- খবর পেয়ে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। সেখানে আহত একজনকে পেয়েছেন। তার চিকিৎসার খোঁজ খবর তিনি নিয়েছেন।