বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫০

মধ্যম থেকে স্বপ্ন এখন উন্নত দেশের: লন্ডনে শেখ হাসিনা

মধ্যম থেকে স্বপ্ন এখন উন্নত দেশের: লন্ডনে শেখ হাসিনা

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার আগে আমরা আমাদের ভিশন-২০২১ এর মধ্যে মধ্যম আয়ের দেশ বানানোর স্বপ্নের কথা বলেছিলাম, সেই স্বপ্ন পূরণের পথে অনেকদূর আমরা এগিয়েছি, এখন আমরা স্বপ্ন দেখছি উন্নত দেশের। যা ২০৪১ সালের মধ্যে আমরা অর্জন করতে চাই। ভিশন-২০৪১ সামনে নিয়েই আমরা এখন কাজ করছি। মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের হোটেল হিল্টন অন পার্ক লেইনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তার ‘ভিশন-২০৪১’ এর এই স্বপ্নের কথা শোনান প্রবাসীদের।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আমাদের দিয়ে সবই সম্ভব, কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়, এটি এখন প্রমাণিত সত্য। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নারকীয় সহিংসতার পরও ৫ই জানুয়ারির নির্বাচনে ৪০% ভোটার ভোট দিতে এসে প্রমাণ করেছে রাজনীতির নামে সহিংসতা মানুষ চায় না, মানুষ চায় উন্নয়ন।

বিএনপি-জামায়াতের নির্বাচন ঠেকানো আন্দোলনের ব্যর্থতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন না থাকায় নির্বাচন ঠেকাতে যেমন ব্যর্থ হয়েছে বিএনপি, ঠিক তেমনি আন্দোলনেও তারা ব্যর্থ। এই ব্যর্থতার দায় বিএনপির নিজের মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জনগণের ভাষা বুঝতে না পারলে এমনটিই হয়। রাজনীতির নামে সহিংসতাকে ৫ই জানুয়ারির নির্বাচনে না বলায় প্রধানমন্ত্রী এসময় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার সরকারের আমলে বাংলাদেশের সার্বিক উন্নয়নের বর্নণা দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সামাজিক উন্নয়নের কৌশল আজ বিদেশীরাও জানতে চায়।

এ প্রসঙ্গে তিনি মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তার একান্ত বৈঠকের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সামাজিক উন্নয়নে সন্তুষ্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের সামাজিক উন্নয়নের কৌশল সম্পর্কে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন তিনি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সাম্প্রতিক উন্নয়নের বর্নণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের জন্যে বাংলাদেশের জনগণের এখন আর আগের মতো হাহাকার নেই। শুধু রমজান মাসকে সামনে রেখেই ৭৪০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা এসময় প্রবাসীদের জানান শেখ হাসিনা।
Photo_Iftar_1
স্থিতিশীল অর্থনীতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জিডিপি ৬% এর উপরে আমরা ধরে রেখেছি, মাথাপিছু আয় এখন আমাদের ১১৯০ ডলার। আমাদের রিজার্ভের পরিমাণ যেখানে ছিল ৬ বিলিয়ন, সেটির আকার এখন ২১ বিলিয়নে উন্নীত হয়েছে। যুবসমাজকে প্রশিক্ষিত করার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষিত যুবসমাজ একটি দেশের সম্পদ। আমাদের বিরাট জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তরিত করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই।

তিনি বলেন, লার্নিং এন্ড আর্নিং এই দুটো বিষয় একটি আরেকটির পরিপূরক। আমাদের যুবসমাজকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে তাদের জন্যে আর্নিং কোন সমস্যাই নয়। আর মানুষের আর্নিং সমস্যা না থাকলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের স্বপ্ন আর আমাদের স্বপ্ন থাকবে না। তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মেয়াদ আছে আরও ৪ বছর ৫ মাস। এর মধ্যেই আমরা আমাদের হাতে নেয়া উন্নয়ন কর্মসূচি শেষ করতে পারবো ইনশাল্লাহ। এ প্রসঙ্গে তিনি জানান, গত অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিও পায় ৯৫% শেষ করেছে তার সরকার।

পদ্মা সেতু নিয়ে বহুমুখী ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, আমরা বলেছিলাম প্রয়োজনে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর কাজ শুরু করবো। ইনশাল্লাহ তা শুরু করেছি। ব্রিটিশ ভিসা কার্যক্রম দিল্লীতে স্থানান্তর বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে তার আলোচনা হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এটি কোন সমস্যা হবে না বলে তারা আমাকে আশ্বাস দিয়েছেন। সম্প্রতি মায়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র বিজয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিপুল পরিমাণ এই সমুদ্র সম্পদ এখন আমরা জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করতে পারবো।

বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ছাত্রলীগের একটি ওয়েবসাইট উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের ছোয়া দেশের আনাচে কানাচে পৌছে গেছে। প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে।
পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026