সবজি ও মাছের বাজারে কিছুটা স্বস্তি এসেছে। কমেছে একাধিক কাঁচা পণ্য ও মাছের দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে অনেক দিন পর কাঁচা পণ্যের দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে। বিক্রিতাদের বক্তব্য রোজার এ কয়দিন দাম এমনই থাকবে।
তবে কাঁচামরিচের দাম নিয়ে রয়েছে অসন্তোষ। কেননা এর দাম যে কিছুতেই কমছে না। এ দিন মিরপুর থেকে কাঁচাপণ্য কিনে বাড়ি ফেরেন রাশেদুল ইসলাম। তিনি কথায় কথায় বাংলানিউজকে জানান, রমজান মাসের মধ্যে আজকেই (শুক্রবার) কয়েকটি পণ্যের দাম কম পাওয়া গেলো। এ রকম বাজারের অবস্থা থাকলে অনেক ভালো হয়।
রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে গত তিন আগে কেজি প্রতি বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। তবে এর দাম বৃহস্পতিবার থেকেই কমে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া একাধিক সবজিরও দাম কমেছে বলে জানান বিক্রেতারা।
সবজি: কেজি প্রতি দেশি আলু ৩৫ টাকা, আর বিদেশি আলু ২৫ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, কাকরল ৩০ থেকে ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪৫ থেকে ৫৫ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, শসা ৩৫ থেকে ৪৫ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৪০ টাকা, কচু ৪০ থেকে ৫০ টাকা, পেয়াজ দেশি ৪০ ও বিদেশি ৪৫ টাকা, রসুন ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া শীত না এলেও শীতের সবজি পাতাকপির পিস ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে।
মাছ: আকার ভেদে কেজি প্রতি রুই মাছ ২২০ থেকে ৩৪০ টাকা, কাতল দেশি ২২০ থেকে ৩৩০, আমদানি ২০০ থেকে ২৮০ টাকা, চাষকৃত পাংগাস ১২০ থেকে ১৫০ টাকা, সিলভার কার্প ১৪০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ১৩০ থেকে ১৮০ টাকা, চাষকৃত কৈ ২০০ থেকে ২৫০ টাকা এবং জাতীয় মাছ ইলিশ ৪৪০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ৫৫০ থেকে ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাংস: কেজি প্রতি গরুর মাংস ২৮০ থেকে ৩০০ টাকা, খাসী ৪৬০ থেকে ৪৮০ টাকা, দেশি মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা, কক ২৫০ থেকে ৩০০ টাকা, ব্রয়লার ১৫৫ থেকে ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
চাল: কেজিপ্রতি মিনিকেট, নাজিরশাইল ৪৪ থেকে ৫৩ টাকা, মাঝারি ৩৮ থেকে ৪২ টাকা, মোটা ৩৩ থেকে ৩৫ টাকা, সুগন্ধি ৮০ থেকে ৯০ টাকা দরে কেনা যাবে।
এ দিকে মসুরের ডাল কেজি প্রতি ৯৫ থেকে ১১০ টাকা, মুগ ডাল ১১০ থেকে ১১৫ টাকা, ছোলা বুট ৬৫ থেকে ৭০ টাকা, খেসারির ডাল ৪০ থেকে ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সয়াবিন তেল (খোলা) প্রতি লিটার ৯৫ থেকে ৯৮ টাকা, পাম তেল (খোলা) ৭৫ থেকে ৮০ টাকা, সরিষার তেল ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।