শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরাইল যখন গাজায় রক্তবন্যা বইয়ে দিচ্ছে তখন তাদেরকে আরও অস্ত্র সরবরাহ দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর ইসরাইলে কাছে যুক্তরাষ্ট্র বিক্রি করেছে ৩১০ কোটি ডলারের সামরিক অস্ত্র।
এবারের অস্ত্রের মধ্যে রয়েছে ৪০ এমএম গ্রেনেড ও ১২০এমএম মর্টার। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অস্ত্রাগার থেকে এ অস্ত্র সরবরাহ দেয়া হয়েছে ইসরাইলকে। ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড ইইউসিওএম ১০০ কোটি ডলারের অস্ত্র মজুদাগার দেখাশোনা করে।এটি ইসরাইলের ভিতরে। এর নাম ওয়ার রিজার্ভ স্টকপাইল অ্যামুনিশন-ইসরাইল ফর ইমার্জেন্সি।
গত এপ্রিলে মার্কিন কংগ্রেশনাল এক রিপোর্টে বলা হয়েছে, সেখানে যেসব অস্ত্র মজুদ আছে তার মধ্যে অন্যতম ক্ষেপণাস্ত্র, সামরিক যান ও গোলাবারুদ। চলমান গাজা আগ্রাসনে অস্ত্রের ব্যাপক ব্যবহারে ইসরাইলের অস্ত্রের ঘাটতি দেখা দেয়। এরপরই ২০শে জুলাই তারা বাড়তি অস্ত্রের আবেদন জানায়।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার এডমিরাল কিরবি বলেন, ইসরাইলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তাই তাদের আত্মরক্ষা ও তাদেরকে সহায়তা করাটা যুক্তরাষ্ট্রের স্বার্থ। এ লক্ষ্যেই তাদের কাছে অস্ত্র বিক্রি করা হয়েছে। এ ছাড়া অন্যান্য সামরিক প্রযুক্তি ইসরাইলের কাছে বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। ২০০৬ সালে ইসরাইল লেবাননে ৩৩ দিনের যে আগ্রাসন চালায় তখনও একই অস্ত্রের মজুদ থেকে যুক্তরাষ্ট্র তেলআবিবকে অস্ত্র ব্যবহার করতে দিয়েছিল।