সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪

ঈদের ছুটিতে সারাদেশে লাশের সংখ্যা ১২৫

ঈদের ছুটিতে সারাদেশে লাশের সংখ্যা ১২৫

নিউজ ডেস্ক: ঈদের ছুটিতে চারদিনে সারাদেশে সড়ক দুর্ঘটনা, নৌকা ডুবিসহ বিভিন্ন অপমৃত্যুর ঘটনায় অন্তত ১২৫টি লাশ উদ্ধার করেছে পুলিশ।

এরমধ্যে শুক্রবার ২৮টি, বৃহস্পতিবার ৩৭টি, বুধবার ২৯টি এবং মঙ্গলবার ৩১টি অপমৃত্যুর লাশ উদ্ধার করা হয়। ঈদে ছুটিতে ঘরমুখো এবং কর্মস্থলে ফেরা মানুষরা সড়ক দুর্ঘটনার শিকার হয়ছেন বেশি। পাশাপাশি এ বিভিন্ন স্থানে সংঘর্ষেও কয়েকজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ বর্ষায় পানিতে ডুবে শিশু মৃত্যুর হারও বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি।
বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে খুনের ঘটনাও এ বেশ ঘটেছে। কম নয়, নারী নির্যাতনে মৃত্যু ও আত্মহত্যার ঘটনাও। শুক্রবার সারাদেশে ২৮ জন নিহত হয়েছেন শুক্রবার সারাদেশে সড়ক দুর্ঘটনা ও নৌকা ডুবির ঘটনায় অন্তত ২৮টি লাশ উদ্ধার করা হয়েছে। ‌এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৪৪ জন।
এর মধ্যে ঝিনাইদহে বাস-ট্রেন সংঘর্ষে ১১ জন, নাটোরের লালপুরে টিকেট কালোবাজারীদের সঙ্গে রেলওয়ে পুলিশের সংঘর্ষে ৩ জন ও বাকিরা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ঝিনাইদহ: ঝিনাইদহের বারোবাজারে বরযাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৬০ জন বরযাত্রী।
শুক্রবার ভোরে বারোবাজার রেলক্রসিংয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই ৯ জনের লাশ উদ্ধার করা হয়। পরে আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং অন্যজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান।
নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের অনিল বিশ্বাসের ছেলে সুধির কুমার (৪০), একই গ্রামের জগবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব (২৫), মহা প্রসাদের ছেলে শোভন কুমার (২), রঞ্জন কুমারের স্ত্রী বন্যা (৩৫), ছেলে কৌশিক (৮), ভাগ্নি ভবেশ কুমারের মেয়ে কৃষ্ণা (৩০), আবাস সাহার ছেলে সুজয় সাহা (৩০), সুধির কুমারের ছেলে অলোক কুমার, ফরিদপুরের কানাইপুর এলাকার শ্যামল দাসের ছেলে উজ্জল দাস (২৮) ও কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের বিমল কুমার।
আহত বাসযাত্রীরা জানান, তারা ঝিনাইদহের শৈলকূপার ফুলহরি গ্রাম থেকে সনাতন ধর্মের একটি বিয়ে অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাঁকো গ্রামে যান। বাসটিতে ৭০ জনের বেশি বরযাত্রী ছিলেন। ফেরার পথে ভোরে তারা দুর্ঘটনা কবলিত হন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোর: নাটোরের লালপুরে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে রেলওয়ে (জিআরপি) পুলিশে সঙ্গে টিকেট কালোবাজারীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে জুলমত (৩২), তার ভাগ্নে একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে রানা হোসেন (২৫) ও ঈশ্বরদী উপজেলার মৌবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জীবন (২২)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের অধীনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ময়নামতি হাইওয়ে পুলিশের ইর্মাজেন্সি সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় একটি পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বাসের চালক চাঁন মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহত চাঁন মিয়া মানিকগঞ্জের নগরকান্দার পাঁচকান্দির মৃত আবদুল মজিদ মোল্লার ছেলে।
সাভার (ঢাকা): সাভার-আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুর, উলাইল ও আশুলিয়ার ডিইপিজেড এবং নন্দন পার্ক এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম অঙ্কন (৩০)। তবে অপরজনের নাম জানা যায়নি।
একই সময়ে শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়।
ময়মনসিংহ: বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় ফরিদা পারভীন স্বর্ণা (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় তার বন্ধু বায়েজিদ (২০) মারাত্মক আহত হন।
শুক্রবার দুপুরে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ফরিদা পারভীন স্বর্ণা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম ভবানিপুর গ্রামের আব্দুল করিমের মেয়ে এবং মিরপুর বাংলা কলেজের ছাত্রী।
ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হাশিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে যাত্রীবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বিপ্লব কুমার (৩০) নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ঢকঢকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৎস্য ব্যবসায়ী বিপ্লব কুমার সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের ভরসা কুমারের ছেলে।
ফরিদপুর: ফরিদপুর ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কলাতলায় শুক্রবার দুপুর ১টার দিকে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জুতা কোম্পানির মালিক মো. ইউনুছ (৫০) নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, তিনি ঢাকার লিবার্টি ও অভিলাস সু কোম্পানির মালিক। দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা আরো ৫ জন আহত  হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা: রাজধানীর মগবাজার এলাকায় ১৫ নং রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
৩১ জুলাই বৃহস্পতিবার সারাদেশে ৩৭টি লাশ
এর মধ্যে নৌকা ডুবির ঘটনায় কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে ১১টি এবং সিরাজগঞ্জের যমুনা নদী থেকে আরো নয়টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও সিলেটের পিয়াইন নদীর চোরাবালিতে আটকা পড়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
অপরদিকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও মেয়েসহ পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছেন। কাছাকাছি সময়ে ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় আরো কয়েকটি জেলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।
কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ১২ জনের লাশই উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় একজনের ও বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে বাকি ১১ জনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতদের লাশ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
বৃহস্পতিবার সকাল ৮টার পর পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১১টি লাশ উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বাংলানিউজকে জানান, ঈদের দিন বিকেল ৩টার দিকে নৌকা ভ্রমণের উদ্দেশে ১৯ জন যাত্রী নিয়ে একটি নৌকা দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকা থেকে পদ্মা নদীর মধ্যবর্তী একটি জেগে ওঠা চরে যাওয়ার সময় প্রবল স্রোতের মুখে পড়ে ডুবে যায়।
সিরাজগঞ্জ: চৌহালি উপজেলার বাগুচিয়া এলাকার যমুনা নদীতে ৬০/৭০ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায়  নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো প্রায় ২০ জন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে -দিলু বেগম (৩২) তার স্বামী মুক্তার হোসেন (৪০), আদরী বেগম (১৮), নয়নতারা (৫০) ও রাশেদা বেগমের (২৭) নাম জানা গেছে। এদের সবার বাড়ি পিটুয়ানি এলাকায়।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক অবশ্য পাঁচজনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে তিনি জানান।
এদিকে, বাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী নয়জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর স্বজনরা কয়েকটি লাশ নিয়ে গেছে।
সিলেট: পিয়াইন নদীর চোরাবালিতে আটকা পড়া নিখোঁজ যুবক কামরুল মিয়ার (২০) মরদেহ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জিরো পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। কামরুল সিলেট নগরীর শাহী ঈদগাহ হোসনাবাদ এলাকার খুরশেদ আলমের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খাঁন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও মেয়েসহ পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর ব্রিজের সঙ্গে প্রাইভেকারের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল (৫০), স্ত্রী লাবণী (৩০) ও মেয়ে নুসরাত তাবাসসুম (৩)। আহত অপর দু’জনের নাম জানা যায়নি।
হতাহতদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়। সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ছিলেন।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, ঈদ শেষে নজরুল ইসলাম বেলাল ফেনীর ছাগলনাইয়ায় নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকারে করে  (ঢাকা মেট্রো-ঘ-১১-৮৮১৪) কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন।
মিরসরাই (চট্টগ্রাম): ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবাহী দুটি বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার সমিতিবাজার নিটকুঞ্জরা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলেই একজন ও পরে হাসপাতালে আরো এক নারী মারা গেছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
ঢাকা: রাজধানীর কমলাপুরে কর্তব্যরত এক আনসার সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় শাহজাহানপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
নিহত আনসার সদস্যের নাম ইমদাদুল হক (২২)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার মাশুলা গ্রামে বলে জানান শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান।
রংপুর: রংপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোস্তাফিজার (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার রাতে রংপুরের হারাগাছ পৌর গ্রামের চর চথুরা এলাকায় এ খুনের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, নিহতের স্ত্রী এ ব্যাপারে হত্যা মামলা করেছেন।
জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রামে গণপিটুনিতে আরিফ হোসেন (৩৫) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ফুল মিয়া নামে এক মুদী দোকানিকে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অপরাধে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দিলে এ ঘটনা ঘটে। জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মাননান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকার তালিকাভূক্ত ছিনতাইকারী সাদ্দাম হোসেনের লাশ দক্ষিণ বাড্ডা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তার লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামরুল ফারুক বাংলানিউজকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৫-৭টি ছিনতাইয়ের মামলা আছে।
রংপুর: বদরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে সেকেন্দার আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। সেকেন্দার আলী শহরের বালুয়াভাটা রেলবস্তির বাসিন্দা।
স্টেশন মাস্টার সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় হাসিনা আক্তার (২১) নামে সাত মাসের এক অন্তঃসত্ত্বাকে মুখে বিষ ঢেলে ও শ্বাসরোধ করে হত্যার পর মাটি চাপা দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
লক্ষ্মীপুর সদর উপজেলার সদর চর রমনী মোহন ইউনিয়নের চর রমনী গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় এ প্রতিবেদন লেখার সময় লাশ উদ্ধার করছিল পুলিশ।
এ ঘটনায় জড়িত অভিযোগে কাঞ্চন (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে ঘটনার পর থেকে স্বামী আল আমিন (২৫) পলাতক রয়েছেন।
স্থানীয় চর রমনী মোহন ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবু ইউছুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করছে।
মুন্সীগঞ্জ: ঈদের ছুটিতে ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে তানিয়া (১৮) ও আফসানা (১৪) নামে দুইবোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার মারিয়ালয় গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার লতি মিয়ার মেয়ে তানিয়া (১৮) ও একই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে আফসানা (১৪)। এরা দু’জনে মামাতো-ফুফাতো বোন।
তানিয়ার চাচাতো ভাই সাইফুল ইসলাম রুবেল বাংলানিউজকে জানান, তানিয়া ও তার মামাতো বোন আফসানা বৃহস্পতিবার সকালে তানিয়ার ভাই সাদ্দাম হোসেনের শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। বাড়ির আঙ্গিনায় তারা অন্যান্য বন্ধুদের সঙ্গে গল্প করছিলো। এসময় দুষ্টুমির ছলে ধাক্কাধাক্কি করতে গিয়ে পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয় তানিয়া ও আফসানা। পরে অনেক খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে নিয়ে যায় স্বজনরা।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ভোলানাথ বসাক জানান, হাসপাতালে আনার আগেই তানিয়া ও আফসানার মৃত্যু হয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পাকুড়িয়ার বিল থেকে ফারুক মিয়া (৩৭) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক ভাতগ্রাম ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ফারুক মিয়া রাতে ওই বিলে পাহারাদারের কাজ করতেন। তিনি বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।
মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা এক গৃহবধূ (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দাসের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুল হাসেম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী একটি নছিমন উল্টে দুইজন নিহত ও নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছেন।
ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে পিকনিকে যাওয়ার পথে উপজেলার দূর্গাপুরে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নওগাঁ জেলার ধামইরহাট আনগত কলোনির বাবলুর ছেলে রাজু (২৮) ও একই এলাকার সোবাহানের ছেলে শাকিল (১২)। আহতদের বিরামপুর ও দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে লেগুনার চাপায় হিমেল (২৩) ও বাবু (২৪) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো তিনজন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পৌরসভার কাটাখালী-মাকহাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত আল আমিন, রিমেল ও নাদিমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজল বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
৩০ জুলাই, বুধবার সারাদেশে ২৯ জনের লাশ
এরমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ৪ জন এবং ঠাকুরগাঁওয়ে দুটি গাড়ির মুখোমুখী সংঘর্ষে আরো ২ জন নিহত হন।
ঢাকা: ঢাকা-সিলেট মহাসড়কের অতিলবাড়ি নামকস্থানে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। বুধবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার দত্তগ্রামের অনামিকা চক্রবর্তী (৭), দাদী প্রতিভা চক্রবর্তী (৫৫)। অপর দু’জন হলেন একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুল মকিত (৫৫) ও সমুজ মিয়া (৬০)।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার বড়খোচাবাড়ির কুমিল্লাহাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকনিকগামী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মাহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।
নিহতরা হলেন-পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পানবাড়া গ্রামের হামিদুল (২২) ও হারুন উর রশিদ (২৩)। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা: রাজধানীর মগবাজারের মীরবাগ এলাকায় চতুর্থ তলা ভবনের ছাদ থেকে পড়ে মনিরুজ্জান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান এস/১ নম্বর, মগবাজারের মীরবাগ এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।
রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে আলমগীর হোসেন (৩০) নামে একজন ছিনতাইকারী নিহত হয়েছেন।
বুধবার রাত ১০ টার দিকে উপজেলার ঢাকা ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের ভেলুয়ার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময পুলিশকে লক্ষ্য করে ২০ রাইন্ড গুলি ছুড়ে ছিনতাইকারীরা। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হন।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুরে মরিয়ম আক্তার মুক্তা (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতের পিতা আব্দুল কাদের।
এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, নিহতের শরীরে কোন আঘাতজনিত চিহ্ন পাওয়া যায়নি।
তবে ময়নাতন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলেও জানান তিনি।
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমা আক্তার (১৫) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের অবিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সীমা ওই গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবি মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাব্বির হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার ধড়মোকাম গ্রামের এনতাজ আলীর ছেলে।
ঢাকা: টঙ্গীতে দুর্বৃত্তের গুলিতে আরজু মিয়া (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় হিমারদিঘী এলাকায় এ হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হন। নিহত আরজু মিয়া হিমারদিঘী এলাকার মো. তাজ উদ্দিনের ছেলে।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে আরজু মিয়া বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় দু’টি মোটর সাইকেলে করে র্দুবৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে পানিতে ডুবে হুমায়ুন (১০) ও লিমা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার চরগড়গড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হুমায়ুন উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং লিমা একই গ্রামের সদু মালিথার মেয়ে।
বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর সুখানপুকুর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মিমি আকতার(১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার দুপুরে সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বিষয়টি জানিয়েছেন। এর আগে মঙ্গলবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত মিমি উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর সুখানপুকুর এলাকার ও ঢাকাস্থ বিজি প্রেসের কম্পিউটার অপারেটর মিলন মিয়ার স্ত্রী।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে প্রতিপক্ষের হামলায় আতাউর মিয়া (৩০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঘাগড়া ইউনিয়নের বাজারহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে নানা শশুরের বাড়িতে বেড়াতে এসে নুর ইসলাম (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সদর উপজেলার উত্তর কুমরপুর শুকান দীঘির পাড় এলাকার থেকে লাশটি উদ্ধার করে।
নুর ইসলাম লালমনিরহাট সদর উপজেলার সারপুকুর চারতেপতি গ্রামের মহুবর রহমানের ছেলে। তার স্ত্রীর নাম আয়েশা খাতুন।
লালমনিরহাট: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে লালমনিরহাটের তিস্তা রেল স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার তিস্তা তোকদার পাড়া গ্রামের বাসিন্দা।
তিস্তা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নুর ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অমিও মণ্ডল (৮০) নামে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত অমিও মণ্ডল (৮০) বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাংধুবার এলাকার বাসিন্দা।
নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার সতিহাট এলাকায় যাত্রীবাহী একটি ভটভটি উল্টে বামনি (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বামনি পাশের মহাদেবপুর উপজেলার সোবাপুর গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। বুধবার সকাল ১১টা ও দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধ‍ু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম ও উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে কানু গোয়ালা (২৩) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলতলা চা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কানু গোয়াল ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা বাগানের চা শ্রমিক কার্তি গোয়ালার ছেলে।
ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার কর্তারহাট এলাকায় বাস দুর্ঘটনা বেল্লাল (৩৪) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বেল্লাল লালমোহন উপজেলার রায়চাঁদ এলাকার নুরুল ইসলামের ছেলে।
শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্ত্রীর কুড়ালের আঘাতে সৈয়দুর রহমান (৫৭) নামে এক ঠিকাদার খুন হয়েছেন। এ ঘটনায় সৈয়দুর রহমানের স্ত্রী আছমা খাতুনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার সদরের গরুহাটি এলাকায় এ খুনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026