মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৩

চৌধুরীদের ফিরিয়ে আনতে যতো উদ্যোগ

চৌধুরীদের ফিরিয়ে আনতে যতো উদ্যোগ

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ এখন শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কানাডা তার নীতি পরিবর্তন করে বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরীকে দেশে পাঠাবে বলেও আশা করছেন তিনি।

বিদেশে পালিয়ে থাকা দুই খুনির অবস্থান নিশ্চিত হলেও পলাতক বাকি ৪ জনের বিষয়ে নিশ্চিত নন মন্ত্রী। বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড নিশ্চিত করেছিলেন সর্বোচ্চ আদালত। তাদের মধ্যে ৫ আসামির ফাঁসি কার্যকর হয়েছে। আর জিম্বাবুয়েতে পালিয়ে থাকা অবস্থায় মারা গেছেন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া খুনি আজিজ পাশা।

কিন্তু বিদেশে পালিয়ে থাকা ৬ আসামির মধ্যে খন্দকার আবদুর রশিদ, শরফুল হক ডালিম, আবদুল মজিদ ও মোসলেহ উদ্দিন কোথায় আছেন এখনো তা নিশ্চিত হতে পারেনি সরকারি টাস্কফোর্স। খুনি নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন নিশ্চিত করে আইনমন্ত্রী আশা করছেন, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিকে তার নিজ দেশে ফেরত না পাঠানোর যে নীতিতে কানাডা বিশ্বাসী, তারা সেই অবস্থান পরিবর্তন করবে।

মন্ত্রী বলছেন, একজন খুনিকে কোনো গণতান্ত্রিক দেশ, বিশ্বে যারা নিজেদের উন্নত দেশ হিসেবে পরিচয় দেয়, তাকে প্রশ্রয় বা আশ্রয় দেবে না বলেই আমাদের বিশ্বাস। আইনের শাসন তারাও মানেন, তারাও গর্ব করেন তাদের আইনের শাসন ব্যবস্থার ব্যপারে। আমরা মনে করি, তাদের যদি আইনের শাসনের প্রতি কমিটমেন্ট থাকে তবে নূর চৌধুরীকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আরেক খুনি যুক্তরাষ্ট্রে পলাতক রাশেদ চৌধুরীকে দেশে আনার বিষয়ে অবশ্য মন্ত্রী আশাবাদী।

তিনি বলেছেন, এখন পর্যন্ত তার (রাশেদ চৌধুরীর) যতোগুলো দরখাস্ত সবগুলোই খারিজ করে দেওয়া হচ্ছে। সব শেষ হওয়ার পর পরই কিন্তু যুক্তরাষ্ট্র সরকার এটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে ইউএস সরকারের সাহায্য সহযোগিতা লাগবে।

আইনমন্ত্রী মনে করেন, বিদেশে পলাতক খুনিদের দেশে আনতে সরকারি কমিটির দীর্ঘ বিরতি না দিয়ে এক বা তিন মাসের মধ্যে নিয়মিত বৈঠক করা উচিত। তা হলে আগের সিদ্ধান্তের অগ্রগতি পর্যলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হবে। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ছিলেন এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অ্যাডভোকেট আনিসুল হক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026