সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭

পরপারে চাচা চৌধুরীর স্রষ্টা

পরপারে চাচা চৌধুরীর স্রষ্টা

শীর্ষবিন্দু ডেস্ক: চাচা চৌধুরী, সাবু, ডাবু, বিল্লুর মতো বিখ্যাত কমিকস চরিত্রের স্রষ্টা প্রাণ কুমার শর্মা আর নেই। বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। ভারতে গুরগাঁওয়ের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছিল।

পাকিস্তানের লাহোরের কাছে কাসুর জেলায় ১৯৩৮ সালের ১৫ আগস্ট জন্মেছিলেন প্রাণ। দিল্লি থেকে প্রকাশিত সংবাদপত্র মিলাপে তিনি কর্মজীবন শুরু করেন কার্টুনিস্ট হিসেবে। ১৯৬০ সালে তার প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়। তার বানানো ডাবু চরিত্রটি সে সময় দেশজোড়া খ্যাতি পেয়েছিল।

প্রাণ কুমারের সেরা সৃষ্টি চাচা চৌধুরীর কাজ শুরু হয় ১৯৬৯ সালে। চাচা চৌধুরী প্রথম প্রকাশিত হয় লটপট নামের একটি সাময়িকীতে। সেই চাচা চৌধুরীর হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে। বর্তমান প্রজন্মের কাছেও চাচা চৌধুরীর কমিক গল্পগুলো সমান জনপ্রিয়। দ্য ওয়ার্ল্ড এনসাইক্লোপেডিয়া অব কমিকসে তাকে ভারতের ওয়াল্ট ডিজনি হিসেবে অভিহিত করা হয়েছে।

২০০১ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কার্টুনিস্ট সংস্হা প্রাণ কুমারকে জীবনকৃতী সম্মানে ভূষিত করে। ১৯৯৫ সালে জনপ্রিয়তম ব্যঙ্গচিত্রী হিসেবে তিনি লিমকা বুক অব রেকর্ডসে স্হান করে নেন। চাচা চৌধুরী ও ডাবু ছাড়াও প্রাণের সৃষ্টি করা অন্য বিখ্যাত ব্যঙ্গচিত্রগুলো হলো শ্রীমতীজি, বিল্লু, পিঙ্কি, রমন, চিন্নি চাচি।

৭৬তম জন্মদিনের কয়েকদিন আগেই চলে গেলেন প্রাণ কুমার। ৬ আগস্ট দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, একজন বহুমুখী প্রতিভাকে আমরা হারালাম। তার অনন্য কীর্তি আমাদের সবার মুখে হাসি ফুটিয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026