শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে লৌহজং থানায় হস্তান্তর করা হয়। ছবি: প্রথম আলোমাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিককে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন মন্সিগঞ্জের আমলি আদালত-৬।
সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ আজ তাঁকে আদালতে হাজির করেন। আদালত ১৮ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠান। মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার উপপরিদর্শক জুলহাস জানান, রিমান্ড পেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে র্যাব। গতকাল বুধবার রাজধানীর উত্তরায় র্যাব কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি এই লঞ্চ দুর্ঘটনার দায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঘাট ইজারাদারদের ওপর চাপান। তাঁর দাবি, লঞ্চে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, বয়া ছিল।
৪ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে বেলা ১১টার দিকে ডুবে যায় পিনাক-৬। এ ঘটনায় মোট ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান শনাক্ত না করে গত সোমবার উদ্ধারকার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। এ ঘটনায় মাওয়া নৌপরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর আলম ভূইয়া বাদী হয়ে পিনাকের মালিক আবু বকর সিদ্দিকসহ ছয়জনকে আসামি করে লৌহজং থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিলেন আবু বকর।