শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসলামিক স্টেট গ্রুপ সিরিয়ার আল-শেইতাত উপজাতি গোষ্ঠীর ৭০০ মানুষকে হত্যা করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত দু সপ্তাহরে ব্যবধানে এতগুলো হত্যাকান্ড সংঘটিত হয়েছে। অনেককে মারা হয়েছে শিরচ্ছেদ করে। আর হত্যাযজ্ঞের শিকার বেশিরভাগই বেসামরিক জনসাধারণ। এ খবর দিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দেইর এজোর প্রদেশের একাধিক গ্রামে আল-শেইতাত উপজাতি গোষ্ঠীর বসবাস। এসব গ্রামগুলোতে হত্যাযজ্ঞ চালিয়েছে আইএস গ্রুপ। নিহতদের মধ্যে ১০০ জন ছিল যোদ্ধা। বাকি সবাই সাধারণ মানুষ। ওই মানবাধিকার সংস্থা জানিয়েছে ঘ্রানিজ, আবু হামা, কাশকিয়েহ নামক গ্রামগুলোতে এ বর্বরতা চালিয়েছে জঙ্গিরা।
সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, এখনও ওই গোষ্ঠীর ১৮০০ সদস্যের ভাগ্যে কি ঘটেছে তা অজানা। গতকাল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন, এসএনসি আইএস গ্রুপের ওপর বিমান হামলা পরিচালনা করার জন্য যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে।
তুরস্কে এক সংবাদ সম্মেলনে এসএনসি নেতা হাদি আল বাহরা দ্বৈতনীতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা অবিশ্বাস্য। সিরিয়াতে যা ঘটছে তা নিরব দর্শকের মতো প্রত্যক্ষ করার পেছনে কোন অজুহাত থাকতে পারে না।
এদিকে, শেইতাত গ্রামগুলোতে শিরচ্ছেদ করার রোমহর্ষক ভিডিও প্রকাশিত হয়েছে অনলাইনে। শেইতাত গোত্রের বয়োজ্যেষ্ঠরা আইএস-এর আনুগত্য স্বীকার করতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে সমোঝতা প্রক্রিয়া ভেস্তে যায়। এরপর চালানো হয় ওই হত্যাযজ্ঞ।