নিউজ ডেস্ক: বাংলাদেশে তিনটি ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
এর আগে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে গত ৭ই আগস্ট একটি রিট দায়ের করেন আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া। কেবল টিভি নেটওয়ার্কের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট আব্দুল মতিন খসরু।
তিনি বলেন, যথাযথ অনুমোদন নিয়েই চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচারিত হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার। ২১শে আগস্ট হাইকোর্ট ভারতীয় চ্যানেল সম্প্রচারের অনুমোদন ও অর্থ জমা দেয়ার বিষয়ে সংশি¬ষ্ট পক্ষকে তথ্য জানাতে বলেছিল।
এ অনুযায়ী রিট আবেদনকারী ও অপর পক্ষের আইনজীবী আদালতে তথ্য উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় বলে জানিয়েছেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার। রিট আবেদনে দাবি করা হয়, ভারতীয় চ্যানেলগুলোতে সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান নৈতিক অবক্ষয় ডেকে আনছে। সমাজে নানা ধরনের অস্থিরতাও তৈরি করছে।