শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৪

কমেনি বৈরিতা ১৩ বছর পরও

কমেনি বৈরিতা ১৩ বছর পরও

৯/১১ ট্র্যাজেডির ১৩ বছর গত হয়েছে। তবুও দক্ষিণ এশিয়ানদের প্রতি বৈরী আচরণ, দৃষ্টিভঙ্গি কমেনি। বরং বেড়েই চলেছে। বিশেষ করে বৈষম্যমূলক আচরণের শিকার মুসলিম, শিখ, হিন্দু ও আরব সম্প্রদায়। সাউথ এশিয়ান আমেরিকান লিডিং টুগেদার (এসএএএলটি)-এর ‘আন্ডার সাসপিশন, আন্ডার অ্যাটাক’- শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানুয়ারি ২০১১ থেকে এপ্রিল ২০১৪ পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের দ্বারা ঘৃণাপ্রসূত সহিংসতা ও বিদেশীদের প্রতি অহেতুক নেতিবাচক ভাষা ব্যবহারের এমন দেড় শতাধিক ঘটনা বর্ণনা করা হয়েছে। আর এসব ঘটনা ঘটেছে পুরো যুক্তরাষ্ট্রে। সংস্থাটি তাদের সর্বশেষ বিশ্লেষণ প্রকাশ করেছিল ২০১০ সালে। সে থেকে এবারের প্রতিবেদনে ঘৃণামূলক রাজনৈতিক মন্তব্য বছরপ্রতি ৪০ শতাংশ বেড়েছে।

এছাড়া এমন অসংখ্য ঘটনার কোন রিপোর্টই আসে না। দক্ষিণ এশিয়ান ও আরব সম্প্রদায়গুলো থেকে ৮০ টি ঘটনা জানা গেছে। আর এর মধ্যে মুসলিম-বিরোধী মনোভাব থেকে অনুপ্রাণিত হওয়ার ঘটনাই বেশি। ঘৃণাপ্রসূত সহিংসতার ‘কেন্দ্রবিন্দু’ বলা চলে নিউ ইয়র্ক সিটি/নিউ জার্সির মেট্রোপলিটন এলাকা, শিকাগো ও এর আশপাশের শহরতলীগুলো এবং দক্ষিণ ও উত্তর ক্যালিফোর্নিয়া। ক্যাপিটল হিলে এক ব্রিফিংয়ে রিপোর্টটি প্রকাশ করা হয়। এসএএএলটি’র নির্বাহী পরিচালক সুমন রঘুনাথান বলেন, ৯/১১ ট্র্যাজেডির ১৩ বছর পরও আমরা দেখেছি ঘৃণাপ্রসূত সহিংসতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমাদের সম্প্রদায়ের প্রতি উদ্দেশ্য করে নেতিবাচক রাজনৈতিক মন্তব্যও বেড়ে চলেছে। এদেরকে আন-আমেরিকান, আন-ওয়েলকাম ও বিশ্বস্ত নয় এভাবে উপস্থাপন করা হচ্ছে।

অতি দুঃখজনক হলো, এ ধরনের যেসব সহিংস ঘটনা নথিভুক্ত করা হয়েছে তার ৮০ ভাগেরও বেশি ঘটনা মুসলিমবিরোধী মনোভাব থেকে অনুপ্রাণিত। নিউ ইয়র্কের আরব- আমেরিকান এসোসিয়েশনের নির্বাহী পরিচালক  লিন্ডা সারসৌর বলেন,  ৯/১১ এর পর আমাদের সম্প্রদায় অব্যাহতভাবে ক্রমবর্ধমান ঘৃণা আর নেতিবাচক প্রতিক্রিয়া সহ্য করেছে। গত সপ্তাহে ব্রুকলিনে আমার অফিসের নিচে আমি নিজেও এমন সহিংসতার শিকার হয়েছি। যথেষ্ট হয়েছে। এ কারণেই আমরা এ প্রচারণা শুরু করেছি।

প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সাউথ এশিয়ান অর্গানাইজিং সেন্টার, ড্রাম-এর ভারপ্রাপ্ত পরিচালক ফাহাদ আহমেদ বলেন, এ রিপোর্টে আমাদের সম্প্রদায়গুলো কি সমস্যা মোকাবিলা করছে শুধু সেটাই তুলে ধরা হয়নি, এতে মিত্রতা তৈরি ও সংগঠিতকরণে উন্নত চর্চার মডেল নির্দেশ করা হয়েছে। উদাহরণস্বরূপ তিনি বলেন, ২০১৩ সালে কমিউনিটি সেফটি অ্যাক্ট পাস করার জন্য নিউ ইয়র্ক সিটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সংঘবদ্ধ হয়েছিল। আর এখন বৈষম্যমূলক আচরণের বিষয়ে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি অবকাঠামো রয়েছে। তিনি বলেন, আমরা আরও ভাল করতে পারি। আমাদের ভাল করতেই হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026