শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলী আজ রোববার আবারও গান গাইলেন। তিনি আজ ভুপেন হাজারিকার মানুষ মানুষের জন্য গানটি গেয়ে শোনান। পরে গানের কথাগুলো মেনে মন্ত্রী মানুষের সেবা করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিদ্যমান আইন নিয়ে দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী গান গাইলেন।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ সচিব নাছিমা বেগম। সমাজকল্যাণ সচিব নাছিমা বেগম বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়কে কাজ করলেই হবে না। সব মন্ত্রণালয়কেই এগিয়ে আসতে হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অবশ্য সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলী এর আগেও বেশ কয়েকটি অনুষ্ঠানে গান গেয়েছেন।
মন্ত্রী সৈয়দ মোহসীন আলী বলেন, মানুষ হিসেবে যে দায়িত্ব আছে, তা যদি কেউ পালন করে তাহলে তিনি সত্যিকারের মানুষ। মানুষ মানুষের জন্য গানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমরাই তো দানব হয়ে যাচ্ছি। প্রশাসনে যাঁরা আছেন, গানের প্রতিটি শব্দ তাঁদের শোনা উচিত। তিনি মানুষের সেবা করার জন্য সরকারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।