বিবিসির অনলাইন ও এএফপির খবরে জানানো হয়, খুব সামান্য ভোটের ব্যবধানে স্কটল্যান্ডের স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে। অন্তত নতুন করে প্রকাশিত জরিপের ফলাফল তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।
গত মঙ্গলবার বিকেলে প্রকাশিত তিনটি জরিপ বলছে, শেষ সপ্তাহে এসে বিতর্কে স্বাধীনতাকামী জনতা এগিয়ে থাকলেও খুব সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে ‘না’ ভোটের পক্ষের প্রচার।
জরিপ অনুযায়ী, ৪৪ শতাংশ স্কটিশ জনগণ আলাদা স্বাধীন রাষ্ট্র চান। ৪৮ শতাংশ যুক্তরাজ্যের সঙ্গেই থাকতে চান। আর আট শতাংশ বিভ্রান্ত, এখনো নিশ্চিত নন যে আদতে তাঁরা কী চান।
এক সঙ্গে ভালো আছি স্লোগানে স্বাধীনতা বিরোধীরা আজ বৃহস্পতিবারের গণভোটে বিজয়ী না হওয়া পর্যন্ত প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে স্বাধীনতাকামীরাও শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন। দুপক্ষই গণভোটের প্রাক্কালে গ্লাসগোতে নিজ নিজ সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। স্বাধীনতাকামী স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) প্রধান অ্যালেক্স স্যামন্ড দেশটির জনগণকে একটি খোলা চিঠি দিয়েছেন। এতে তিনি যুক্তরাজ্যের সঙ্গে ৩০৭ বছরের বন্ধন ছিন্ন করে নতুন ইতিহাস গড়ার আহ্বান জানিয়েছেন।


