নিউজ ডেস্ক: দেশে বিদেশি পর্যটক আগমনে ভয়াবহ ধস নেমেছে। ২০১২ সালে বাংলাদেশে ৫ লাখ ৮৮ হাজার ১৯৩ জন বিদেশি পর্যটক এসেছিলেন। আর ২০১৩ সালে এই সংখ্যা নেমে এসেছে মাত্র ২৬ হাজার ৯১২ জনে। জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) থেকে এ তথ্য পাওয়া গেছে।
পর্যটক আগমনে এই ধসের কারণ সম্পর্কে জানতে চাইলে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ জামান খান কবির বাংলানিউজকে বলেন, ২০১৩ সালে দেশে রাজনৈতিক অস্থিরতা, টানা হরতাল-অবরোধের কারণেই পর্যটকদের আগমনে এই ধস নামে।

তিনি বলেন, ট্যুরিজম বোর্ড গঠনের পর থেকে দেশে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে ২০১৩ সালের যেসব পর্যটক দেশে আসতে পারেননি তারা চলতি বছর বাংলাদেশে আসছেন।
একমাত্র ২০১৩ সালকে ব্যতিক্রম বলে উল্লেখ করেন তিনি।

ট্যুরিজম বোর্ডের তথ্যানুসারে, ২০১১ সালে পর্যটক আগমনের সংখ্যা ছিল ৫ লাখ ৯৩ হাজার ৬৬৭ জন। এর আগের বছর (২০১০) এই সংখ্যা ছিল ৫ লাখ ৩০ হাজার ৬৬৫ জন। ২০০৯ সালে দেশে বিদেশি পর্যটক আসে ৪ লাখ ৮০ হাজার ২২৮ জন।