সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩

১৪ ঘণ্টার অপেক্ষা ট্রেনের টিকিটের জন্য

১৪ ঘণ্টার অপেক্ষা ট্রেনের টিকিটের জন্য

নিউজ ডেস্ক: সামনে দীর্ঘ লাইন। মানুষের ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়ছেন। একটি টিকিট পেতে ১৪ ঘণ্টার অপেক্ষা। তবুও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সব কষ্ট মেনে নিচ্ছেন সবাই। শুক্রবার সকালে এমন দৃশ্য চোখে পড়ে কমলাপুর রেলস্টেশনে।

ভোরের আলো ফোটার পরপরই রেলস্টেশন চত্বরে টিকিট প্রত্যাশীদের ভিড় বাড়তে থাকে। ঈদুল আজহা ও পূজা উপলক্ষে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল সকাল থেকে। এদিন বিক্রি হয়েছে ১লা অক্টোবরের টিকিট। শনিবার ২৭শে সেপ্টেম্বর ২রা অক্টোবরের, ২৮শে সেপ্টেম্বর ৩রা অক্টোবরের, ২৯শে  সেপ্টেম্বর ৪ঠা অক্টোবরের এবং ৩০শে সেপ্টেম্বর পাওয়া যাবে ঈদের আগে দিন অর্থাৎ ৫ই অক্টোবরের আগাম টিকিট। অগ্রিম টিকিটের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। কাউন্টারের সামনে দীর্ঘ অপেক্ষার পর সকাল ৯টা থেকে শুরু হয় টিকিট বিক্রি।

এবার যাত্রীদের সুবিধার্থে রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের মধ্যে চাহিদাপত্র হিসেবে একটি স্লিপ বিতরণ করা হয়। টিকিট নেয়ার সময় স্লিপে যাত্রীর নাম, যাত্রার তারিখ, গন্তব্য, কাঙ্ক্ষিত শ্রেণী, আসন সংখ্যা, মোবাইল নম্বর ও বর্তমান ঠিকানা লিখে কাউন্টারে জমা করতে হয়। স্লিপ বিতরণের সময় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কয়েকজন যাত্রীর পক্ষ থেকে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব অভিযোগ করেন, তিনি দেরিতে আসায় চাহিদাপত্র পাননি। পরে একজন আনসার সদস্যের কাছে ১০ টাকা দিয়ে একটি স্লিপ কিনেছেন। টিকিট বিক্রি শুরুর কিছু সময় পর কাউন্টারের কম্পিউটার অপারেটরদের ধীরগতির কারণে যাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মাঝে মধ্যেই লাইনে দাঁড়ানো যাত্রীদের উচ্চস্বরে হাঁক দিতে শোনা যায়। যাত্রাবাড়ির বাসিন্দা আবদুস সামাদ জানান, তিনি আগের দিন রাত ৯টায় লাইনে দাঁড়িয়েছেন। সকাল ১০টায় সময়ও তিনি টিকিট পাননি।

তিনি বলেন, কম্পিউটার অপারেটররা একটু দ্রুত কাজ করলে মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমতো। অগ্রিম টিকিট পেতে নারীদের ছিল দীর্ঘ লাইন। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী রূপা এসেছেন খুলনার টিকিটের জন্য। কিন্তু ১লা অক্টোবর সকালে খুলনার কোন ট্রেন না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, সুন্দরবন এক্সপ্রেস সাধারণ সকালে ছেড়ে যায়। এখন শুনছি ১ তারিখে সকালে খুলনার ট্রেন নেই। রাতের ট্রেনে ভ্রমণ নিরাপদ বোধ করছেন না বলে জানান তিনি। ভোর ৫টা থেকে টিকিটের জন্য অপেক্ষা করছেন গৃহিণী তানজিনা আক্তার। তিনি জানান, পরিবারের সবাই মিলে জামালপুরে ঈদ করতে যাবেন। স্বামী চাকরিজীবী হওয়ার কারণে তাকেই টিকিটের জন্য আসতে হয়েছে। ভিড় উপেক্ষা করে টিকিটের লাইনে দাঁড়িয়ে ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল মান্নান। টিকিট বিক্রি শুরুর কিছু সময় পরেই এসি কামরার টিকিট শেষ হয়ে যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন যাত্রী। বেসরকারি ব্যাংক কর্মকতা কাওসার অভিযোগ করেন, তিনি আগের রাত থেকে অপেক্ষা করছেন এসি কামরার টিকিটের জন্য। কিন্তু কাউন্টার থেকে বলে বলা হচ্ছে এসি কামরার কোন টিকিট নেই।

কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, রেলের ফিরতি টিকিট বিক্রি ৩রা অক্টোবর শুরু হয়ে ৮ই অক্টোবর শেষ হবে। ৮ই অক্টোবর পাওয়া যাবে ১১ই অক্টোবরে টিকিট। ঈদযাত্রা শুরু হবে ১লা অক্টোবর। ঈদের দিন টিকিট বিক্রি বন্ধ থাকবে। প্রতিবারের মতো এবারও একজন যাত্রী একটি রুটে চারটির বেশি টিকিট পাবেন না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা যায়, এবার ঈদে রেলের মোট ৮৪৮টি কোচের সঙ্গে অতিরিক্ত ১৩০টি কোচ মেরামত করে রেলবহরে যুক্ত করা হচ্ছে। সেই সঙ্গে চলমান ১৭৮টি ইঞ্জিনের সঙ্গে মেরামতকৃত আরও ৩০টি ইঞ্জিন ঈদের আগেই বহরে যুক্ত হবে। বাড়তি  কোচ ও ইঞ্জিন যুক্ত হলে এবার ঈদে অতিরিক্ত ৭০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন সারা দেশে এক লাখ ৮০ হাজার টিকিট ইস্যু করা হলে ঈদ মওসুমে যাত্রীর চাপ মোকাবিলায় প্রতিদিন সব ট্রেন মিলিয়ে দুই লাখ ৫০ হাজার টিকিট বিক্রি করা হবে।

এদিকে শুক্রবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) নিরাপত্তা বুথের পাশাপাশি র‌্যাবের পৃথক বুথ করা হয়েছে। এই তিনটি বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি কালোবাজারি রোধে কাজ করবে।

কমলাপুর রেল স্টেশন ম্যানেজার খায়রুল বশীর জানান, প্রতিদিন ২০ থেকে ২২ হাজার অগ্রিম টিকিট বিক্রি হবে কমলাপুর রেলস্টেশনে। এবারও ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ৩  জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এই ট্রেনগুলো ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে ঈদের আগে তিন দিন ও ঈদের পর সাত দিন চলাচল করবে।

এছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ-শোলাকিয়া রুটে ঈদের দিন দুই জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। তিনি আরও জানান, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে রেলের সকল টিম একসঙ্গে কাজ করছে। কালোবাজারে টিকিট কিনে কেউ প্রতারিত হলে কর্তৃপক্ষ দায় নেবে না বলে তিনি যাত্রীদের সতর্ক করে দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026