নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনকারীরা এখন ঢাকার পরিবর্তে সিলেট থেকেই তাদের পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করতে পারবেন। ঢাকার বাইরে সিলেটে প্রথম আমেরিকার ভিসা ডেলিভারী সেন্টারের কার্যক্রম চালু হলো। রোববার সকালে নগরীর জেলরোড আনন্দ টাওয়ারের নিচ তলায় ভিসা সেন্টারের কার্যক্রম উদ্বোধন করা হয়।
আমেরিকান দূতাবাস ঢাকার ভাইস কনসাল উইল রোমাইন আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করেন। এর আগে সিলেটে লন্ডন, কানাডা ও থাইল্যান্ডের ভিসাপ্রার্থীরা ভিএফএস-এর মাধ্যমে আবেদনপত্র জমাদানের সুযোগ পেলেও আমেরিকার ভিসা প্রার্থীরা এ থেকে বঞ্চিত ছিল। গতকাল রোববার থেকে চালু হলো নতুন এ সুবিধা। আগামী ১ অক্টোবর থেকে চট্টগ্রামেও এ সুবিধা চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উইল রোমাইন বলেন, আমেরিকান দূতাবাসের সার্ভিস সহজলভ্য ও ঝুঁকিমুক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন,এখন থেকে আমেরিকার ভিসা আবেদনকারীরা তাদের পাসপোর্ট ঢাকার পরিবর্তে সিলেট অফিস হতে সরাসরি জমা ও সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, ২০০৮ সালের পর যাদের মাল্টিপল ভিসার মেয়াদ শেষ হয়েছে-তারা ইন্টারভিউ ছাড়া ড্রপ বক্স-এর মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন। এই সেন্টার থেকে পরবর্তীতে আমেরিকান সিটি সার্ভিসও প্রদান করা হবে বলে জানান রমিনি। বাংলাদেশ থেকে যারা আমেরিকা যেতে চায়-তাদেরকে আমেরিকান দূতাবাস ও সায়মন সেন্টার কোয়ালিটি সার্ভিস প্রদান করছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সায়মন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এম এ মোহাইমিন সালেহ, সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, পুলিশ সুপার নূরে আলম মিনা ও সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী এবং জিএসএস প্রতিনিধি ইয়ামী সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেট নগরীর জেলরোডস্থ সায়মন ওভারসিজ লি.,১/এ আনন্দ টাওয়ার-এর নিচ তলায় আমেরিকান সেন্টারের কার্যক্রম চলবে।