
ইতোমধ্যে এ বিষয়ে কাজ করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১ অক্টোবরে মধ্যে এ বিষয়ে কাজ-কর্ম সম্পন্ন করে তার অগ্রগতি কমিটিকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। ইসির একজন উপ-সচিবকে আহ্বায়ক করে ৩ সদস্যের ওই কমিটিতে রয়েছেন, প্রোগ্রামার মুহাম্মদ মহসিন রেজা, জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান। ইসি সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনায় এ কমিটিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা নিতেও বলা হয়েছে।
এ বিষয়ে ইসির উপ-সচিব মো. মতিয়ার রহমান বলেন, কাগজের ফাইলে এতো তথ্য সংরক্ষণ করা খুব কষ্টকর। সেই ৭৩ সালের নির্বাচন থেকে এ পর্যন্ত কত নির্বাচন হয়েছে, এজন্য শত শত ফাইলও করা হয়েছে। এসব ফাইল থেকে অনেক তথ্য খুঁজে বের করাও মুশকিল। তাই ই-ফাইলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে যে কোনো নির্বাচনের তথ্য পেতে আর কোনো অসুবিধা হবে না।
অন্যদিকে আগে যেসব নির্বাচন হয়েছে তার মধ্যে যে ফাইলগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও ই-ফাইলিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হবে। এছাড়া নির্বাচনী উপকরণ সরবরাহ ও বিতরণের জন্য ইনভেনটরি কন্ট্রোল সফটওয়্যার, ই-টেন্ডারিং, নির্বাচনী আইন ও সব প্রকার বিধিমালা সংরক্ষণের জন্যও ডাটাবেজ তৈরি করা হবে।