রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭

ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা

ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা

শীর্ষবিন্দু নিউজ: বেসরকারি বিমান কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করেছে ৭ যাত্রী। সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী ভুঁইয়ার আদালতে এ মামলা করেন যাত্রীরা। তবে মামলার সঙ্গে প্রয়োজনীয় কোর্ট ফি জমা না দেওয়ায় বিচারক এদিন বিবাদীদের প্রতি সমন জারি করেননি। আগামী ১৬ অক্টোবর কোর্ট ফি দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

টিকিট কেটে গন্তব্যে যেতে না পেরে ব্যবসায়িক ক্ষতি হওয়ায় ইউনাইটেডের এমডি ও চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে ৭ যাত্রী। যেসব যাত্রীরা মামলা করেছেন তাদের মধ্যে রয়েছেন- আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, নাসরিন আক্তার, মকবুল হোসেন এবং সোহানুর রহমান। তবে অন্য দুই জনের নাম জানা যায়নি।

মামলায় বিবাদী করা হয়েছে ইউনাইটেড এয়ারের এমডি, চেয়ারম্যান, ব্যাবস্থাপক (প্রশাসন), ব্যাবস্থাপক (অপারেশন) এবং এয়ার স্টার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালককে। তবে কারও নাম উল্লেখ করা হয়নি। এছাড়া সহযোগী বিবাদী (মোকাবেলা বিবাদী) করা হয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) চেয়ারম্যানকে।

মামলায় বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজে মালয়েশিয়া যাওয়ার জন্য গত ২১ সেপ্টেম্বর টিকিট কাটে ওই ৫ যাত্রী। কিন্তু ইউনাইটেডের ফ্লাইট বাতিল হওয়ায় তারা সেখানে যেতে পারেনি। ফলে তাদের এ বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে। মামলায় ৫০ হাজার টাকা কোর্ট ফি দাখিল করার সাপেক্ষে আদেশের দিনধার্য করবেন আদালত।

প্রসঙ্গত: গত ২২ সেপ্টেম্বর ইউনাইটেডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও এমডি তাসবিরুল আহমেদের চৌধুরীর পদত্যাগে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা দেখা দেয়। চেয়ারম্যানের পদত্যাগের একদিন পর আর্থিক সংকটের কারণে দেখিয়ে প্রতিষ্ঠানের সব ফ্লাইট বন্ধ করে দেওয়ায় দেশে-বিদেশে বিপাকে পড়েন অনেক যাত্রী।

অবশ্য ইউনাইটেডের ব্যবস্থাপনা কমিটি গত শুক্রবার তাসবিরুলের সঙ্গে বৈঠক করে তাকে ফিরিয়ে আনলে শনিবার সকাল থেকে আবার চালু হয় ইউনাইটেডের ফ্লাইট। এর আগেই যেসব যাত্রী টিকিট কেটেও গন্তব্যে যেতে পারেননি, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026