শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে রহস্যজনক কারণে এড়িয়ে চলছেন বলেও অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মেয়র এ অভিযোগ করেন।
মেয়র আরিফ বলেন- নির্বাচনী ওয়াদা অনুযায়ী তিনি মেয়রের দায়িত্ব নিয়েই নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছেন। যানজট নিরসনে রিকশার জন্য আলাদা লেন করে দিয়েছেন। কিন্তু কিছু দিন পরপর হকাররা ফুটপাত দখল করে বসার চেষ্টা করে আসছে। ফুটপাত থেকে হকার উচ্ছেদে পুলিশের সহযোগিতা চাওয়া হলেও তারা তা করছেন না। তাই বাধ্য হয়ে তিনি ও তার কাউন্সিলররা হকার উচ্ছেদে মাঠে নামতে হচ্ছে।
মেয়র আরও অভিযোগ করেন- প্রশাসনের কিছু উর্ধ্বতন কর্মকর্তা সিটি করপোরেশন ও করপোরেশনের জনপ্রতিনিধিদের এড়িয়ে চলার চেষ্টা করছেন। তাদের অসহযোগিতার কারণে নগরীর উন্নয়নে সমন্বিত কোন উদ্যোগ নেয়া সম্ভব হচ্ছে না। মেয়র বলেন- সিটি করপোরেশনে কোন সমন্বয় সভা আহ্বান করলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা না এসে তাদের অধিনস্থদের পাঠান। ফলে সভায় বসে কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় না।
সিলেটের স্থানীয় সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটের উন্নয়নের ব্যাপারে আন্তরিক উল্লেখ করে মেয়র বলেন- অর্থমন্ত্রী সিলেট থাকলে প্রশাসনের কাছ থেকে ঠিকই সহযোগিতা পাওয়া যায়। কিন্তু অর্থমন্ত্রী সিলেট থেকে চলে গেলে রহস্যজনক কারণে পাল্টে যান কর্মকর্তারা। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের এমন আচরণ উন্নয়নের অন্তরায় বলেও দাবি করেন মেয়র। সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের ১৯ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
সরকারী বিভিন্ন অনুষ্ঠানে উপেক্ষা করার অভিযোগ তুলে মেয়র আরিফ বলেন- গত বৃক্ষমেলায় সিটি করপোরেশন সহযোগী প্রতিষ্ঠান ছিল। কিন্তু অতিথি হিসেবে তাকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাখা হয়নি। একইভাবে বিভিন্ন সরকারী অনুষ্ঠানে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছেন প্রশাসনের কিছু উর্ধ্বতন কর্মকর্তারা।