আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চার মাসের বিরতির পর মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির অনুসন্ধান কাজ আবার শুরু হয়েছে ভারত মহাসাগরে। বিশ্বের অন্যতম জটিলতম বিমান দুর্ঘটনার রহস্যের সমাধানে এবার অস্ট্রেলীয় অনুসন্ধানকারীরা কিছুটা কমিয়ে এনেছেন যন্ত্রপাতির ব্যবহার। এ খবর দিয়েছে এপি।
আজ অনুসন্ধানকারী জাহাজ দ্যা জিও ফোনিক্স অনুসন্ধানস্থলে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। দ্য জিও ফোনিক্স হচ্ছে অনুসন্ধান কাজে যে তিনটি জাহাজ ব্যবহারের কথা রয়েছে তার একটি। তবে আবহাওয়া অনুসন্ধান কাজে বিঘ্ন ঘটাতে পারে। গত ৮ই মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং-এর উদ্দেশ্যে রওনা দেয়া বোয়িং-৭৭৭ বিমানটির ধ্বংসাবশেষ খোঁজার কাজে কর্মীরা সোনার, ভিডিও ক্যামেরা, জেট ফুয়েল সেন্সর ব্যবহার করবেন। এতদিন ধরে অনুসন্ধান কাজ বন্ধ ছিল, কারণ এসময় কর্মীরা সম্ভাব্য অনুসন্ধানস্থল ঠিক করছিলেন। অস্ট্রেলিয়ার ১১০০ মাইল পশ্চিমে ২৩০০০ বর্গমাইলের সেভেন্থ আর্ক’কে ভাবা হচ্ছে অনুসন্ধানস্থল হিসেবে।
তদন্তকারীরা ধারণা করছেন, এখানেই কোথাও তেল ফুরিয়ে যাওয়ায় বিধ্বস্ত হতে পারে বিমানটি। বিমান ও স্যাটেলাইটের মধ্যকার তথ্য আদান- প্রদানের উপর এক বিশ্লেষণের উপর ভিত্তি করে এমন অনুমান করা হচ্ছে। অস্ট্রেলিয়ার ট্রান্সফোর্ট সেফটি ব্যুরোর প্রধান কমিশনার মার্টিন ডোলান বলেন, আমরা এখনও সতর্কতার সহিত আশাবাদী। প্রযুক্তিগত ও অন্যান্য যেসব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি, সেসবের কারণেই আমরা সতর্ক। অপরদিকে আমরা আশাবাদী। কেননা, বিশ্লেষণের উপর আমাদের পূর্ণ আত্মবিশ্বাস আছে।
কিন্তু আমরা যেখানে অনুসন্ধান কাজ চালাচ্ছি, এটা বিশাল বড় এলাকা। মে মাস থেকে অনুসন্ধান কাজে সুবিধার জন্য মানচিত্রায়ন শুরু হওয়ার আগ পর্যন্ত এ বিশাল এলাকার বেশির ভাগই বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। এ মানচিত্র অনুসন্ধান কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে।