
সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গেও সৈয়দ আশরাফের মতের মিল পাওয়া যায়।
১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে (৭ম জাতীয় সংসদ) বিএনপি থেকে জয়ী হয়েছিলেন হাসিবুর রহমান স্বপন এবং ড. আলাউদ্দিন। বিরোধী দলের সংসদ সদস্য হওয়ার পরও তাদেরকে মন্ত্রিসভার সদস্য করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির এ দুই সংসদ সদস্যকে বহিষ্কার করে পদ খারিজের জন্য তৎকালীন বিরোধী দলের উপনেতা অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী এবং বিরোধীদলীয় চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন স্পিকারকে চিঠি লেখেন। কিন্তু স্পিকার ওই চিঠিতে সাড়া না দিয়ে তাদের সংসদ সদস্য পদ বহাল রাখেন।
এরপর খন্দকার দেলোয়ার হোসেন হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট তাদের সদস্য পদ খারিজ করার আদেশ দেন। এর বিরুদ্ধে আপিলের পর ১৯৯৯ সালের ২৯ জুলাই তৎকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল ওই দুই এমপির পদ খারিজের রায় বহাল রাখেন।
আপিল বিভাগের রায়ে বলা হয়, ৭০ অনুচ্ছেদের(আসন শূন্য হওয়া) বিষয়টি একান্তভাবেই নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত এবং স্পিকারের কোন সাংবিধানিক কর্তৃত্ব নেই তা ফয়সালা করার। এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের।
এ মামলায় আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম।
হাসিবুর রহমান স্বপন ও আলাউদ্দিনকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিলো। কিন্তু তাদের পদ খারিজ না করায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আর আদালত সাত দিনের মধ্যে তাদের পদ খারিজ করতে ইসির প্রতি নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেন।
এ ক্ষেত্রেও আওয়ামী লীগও লতিফের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করলে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।