আদিত্য আরাফাত: বয়স নেমে গিয়েছিলো যেনো যৌবনে! দারুন খোশ মেজাজে ৬৭ বছর বয়সী রেলমন্ত্রী মো: মুজিবুল হক। গায়ে হলুদ; তাই সেজেছেনও বর্ণিল হয়ে। গলায় সোনালী জরির কাজ করা লাল উত্তরীয়। শরীরে সোনালী রংয়ের পাঞ্জাবি।
হাসি-আনন্দে এভাবে শেষ হয়েছে রেলমন্ত্রী মুজিবুল হক ও কনে হনুফা আক্তার রিক্তার (২৯) গায়ে হলুদ। বুধবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে গায়ে হলুদ মাখলেন রেলমন্ত্রী ও তার হবু স্ত্রী। একই ছাদের নিচে বর-কনের গায়ে হলুদ হলেও দুজনের জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা মঞ্চ। বর ও কনের নাম লিখে বড় আকারের দুইটি কেকও ছিল মঞ্চের সামনে। সেই কেক কেটেছেন বর-কনে।
শেষ বয়সে বিয়ের প্রতিক্রিয়া কেমন লাগছে জানতে চাইলে লাজুক মুখে রেলমন্ত্রী গায়ে হলুদ অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘সঠিক সময়ে বিয়ে করলে যে উদ্দীপনা পেতাম শেষ বয়সে তার চেয়ে বেশিই উদ্দীপনা পাচ্ছি। দেশের মানুষ আমাকে ভালোবাসেন বলেই আমার এই বিয়েতে সবাই বাপক উৎসাহ কৌতূহল দেখাচ্ছেন।’

হলুদ অনুষ্ঠানের পরিকল্পনা হবু স্ত্রীর সঙ্গে আলাপ করে একসঙ্গে করা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের পরিবার ও রিক্তাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী একসঙ্গে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে রিক্তা বসেছে তার পরিবার নিয়ে একটি মঞ্চে, আমি আমার আত্মীয় স্বজন নিয়ে আরেকটি মঞ্চে বসেছি। গায়ে হলুদের অনুষ্ঠানে নববধূ হনুফা আক্তার রিক্তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি সবসময় উনার (মুজিবুল হক) পাশে থাকবো। কনে রিক্তা এসময় দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, পাত্রপাত্রী দুজনেরই বাড়ি কুমিল্লায়। রেলমন্ত্রীর নিজের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। আর পাত্রী হনুফা আক্তার রিক্তা কুমিল্লার চান্দিনায়। সেখানে শুক্রবার বিয়ের জন্য আয়োজন চলছে পুরোদমে। এর আগে মন্ত্রী জানিয়েছেন, রিক্তা মাস্টার্স পাস, তার সঙ্গে পরিচয় হয়েছে তিন বছর আগে। ২০০০ সালে এসএসসি পাস করা রিক্তার এলএলবিও সম্পন্ন করেছেন।
জানা গেছে, প্রায় ৫শ বরযাত্রী নিয়ে শুক্রবার রেলমন্ত্রী যাবেন চান্দিনায় বিয়ে করতে। বিয়ের পর বৌভাতের আয়োজন করা হয়েছে আগামী ১৪ নভেম্বর শুক্রবার। অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবন চত্বরের এলডি হলে।