
এ কে এম রিপন আনসারী: হানাদার বাহিনীর নিষ্ঠুরতার ক্ষত চিহ্ন নিয়ে দরিদ্র ও নিপীড়িত জীবনের অবসান ঘটিয়ে পৃথিবীর বুক ত্যাগ করলেন শ্রীপুরের বীরাঙ্গনা মমতাজ। তবে ভাতা পেলেও তালিকায় নাম না থাকায় তিনি পাননি রাষ্ট্রীয় সালাম। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লতিফপুর গ্রামে তার নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার রাত ৩টার দিকে মারা যান বীরাঙ্গনা মমতাজ বেগম (৬২)।
মমতাজের ভাতিজা ফরহাদ হোসেন জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে মমতাজ ৯ মাসের অন্তঃসত্তা ছিল। স্থানীয় রাজাকার দলের সহায়তায় পাক-হানাদার বাহিনীর বর্বর নির্যাতনের শিকার হন তিনি। পাক সেনারা তাকে বাড়ী থেকে তুলে নিয়ে লতিফপুর বেপারীবাড়ীর ব্রিজের পূর্ব পাশের নির্জনে তার ওপর ধারাবাহিক পৈশাচিক নির্যাতন চালায়।
নির্যাতনে তার গর্ভের অনাগত সন্তানটির মৃত্যু হয়। অসহায় স্বামী রমিজ মন্ডল স্ত্রীকে বাঁচাতে ভিটে মাটি বিক্রি করে সর্বস্ব খোয়ান। কৃত্রিম নল দিয়ে দীর্ঘ ৪৩ বছর ধরে ত্যাগ করল মলমূত্র।
স্বাধীনতার ৪০ বছর পর তিনি স্বীকৃতি পেয়েছিলেন বীরাঙ্গনার। স্বীকৃতির পর থেকে যৎসামান্য সরকারি অনুদান ও সাহায্যে চলত তার চিকিৎসা ও ক্ষুধা নিবারণ। নরপশুদের অত্যাচার ও দারিদ্র্যের যন্ত্রণা বুকে নিয়ে ৪৩ বছর পার করে বুধবার রাতে নিজ বাড়ীতে মৃত্যুকে বরণ করে নেন মমতাজ বেগম। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম পিপিএম বাংলানিউজকে জানালেন, বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় রাষ্ট্রীয় সালাম দেয়া হয়নি। তবে রাষ্ট্রীয় সম্মান দেখানো হয়েছে।