বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০১

সম্পত্তি হাতিয়ে নিতে ব্যবহার হচ্ছে জাতীয় পরিচয়পত্র

সম্পত্তি হাতিয়ে নিতে ব্যবহার হচ্ছে জাতীয় পরিচয়পত্র

সম্পত্তি হাতিয়ে নিতে ব্যবহার হচ্ছে জাতীয় পরিচয়পত্র

ইকরাম-উদ দৌলা: নাগরিকত্বের অন্যতম প্রমাণপত্র হিসেবে ইতোমধ্যে সর্বজনগ্রহণীয় হয়ে উঠেছে নির্বাচন কমিশনের (ইসি) সরবরাহ করা জাতীয় পরিচয়পত্র। আর এই পরিচয়পত্র ব্যবহার করেই হাতিয়ে নেওয়া হচ্ছে অন্যের সম্পত্তি।ইসি সূত্র জানিয়েছে, সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানের সেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র এখন ‘অলিখিতভাবে’ বাধ্যতামূলক করা হয়েছে। যার ফলে পরিচয়ের প্রমাণপত্র হিসেবে জাতীয় পরিচয়পত্রের অবৈধ ব্যবহারও বেড়ে গেছে। একই সঙ্গে বেড়েছে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার ঘটনা। কেননা, ভোটার না হলে জাতীয় পরিচয়পত্র আপাতত দেওয়া হচ্ছে না।ইসির নাম প্রকাশে অনিচ্ছুক উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেছেন, জাতীয় পরিচয়পত্রের ব্যবহার যত বাড়ছে, এটি ব্যবহারের মাধ্যমে অপরাধও বাড়ছে। বিশেষ করে একশ্রেণির মানুষ অন্যের সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য অবৈধভাবে ভোটার হয়ে এসব কার্যক্রম চালাচ্ছে।

জানা যায়, জাতীয় পরিচয় ব্যবহারের মাধ্যমে সবচেয়ে বেশি যে অপরাধ সংগঠিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতারণা করে সম্পত্তি হাতিয়ে নেওয়া। এসব অপরাধীরা অনেক ক্ষেত্রে নিজের পরিবারের সঙ্গেই এ ধরনের জালিয়াতি করেন। এক্ষেত্রে প্রতারণাকারী প্রথমে অন্য কোনো ব্যক্তিকে নিজের পিতা-মাতা বানিয়ে ভোটার তালিকায় নাম লেখান। তারপর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ওই বানানো পিতা-মাতার মাধ্যমে তার নিজের পিতা-মাতার সম্পদ নিজের নামে লিখে নেন। বঞ্চিত করেন নিজের পরিবারের অন্য সদস্যদের।

এছাড়া অর্পিত সম্পত্তি কিংবা বর্তমানে ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন কিন্তু শৈশব বা পরিণত বয়সেও এদেশে বসবাস করেছেন, তারাও এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছেন। তারা ভারতের নাগরিক হওয়ার সত্ত্বেও এদেশে অবৈধভাবে ভোটার হয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছেন।

অন্যদিকে, সরকারি চাকরিতে আবেদন করার জন্য যাদের বয়স নেই, তারাও জাতীয় পরিচয়পত্রে বয়স কমিয়ে নিচ্ছেন। বর্তমানে ইসিতে পরিচয়পত্র সংশোধনের যতো আবেদন আসে, তার মধ্যে সবচেয়ে বেশি আবেদন আসে বয়স সংশোধনের। বয়স কমিয়ে নিয়ে সহজেই বিভিন্ন চাকরিতে ঢুকে পড়ছেন অনেকে।

জানাগেছে, এসব প্রতারণাকারীদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহে সহায়তা করছেন খোদ ইসি কর্মকর্তারা। তারাই বিভিন্ন জনের কাছ থেকে সমস্যা ভেদে বিভিন্ন অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে এসব জাতীয় পরিচয়পত্র সরবরাহ করছেন। যার ফলে প্রকৃত সমস্যা নিয়ে আগত নাগরিকরা প্রতিনিয়ত ভুক্তভোগী হচ্ছেন।

বিষয়গুলো নির্বাচন কমিশনের নজরে আসলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবৈধভাবে ভোটার হওয়ার বিষয়ে কারো বিরুদ্ধে আসা অভিযোগের প্রমাণ পেলে কেবল সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করেই দায়িত্ব শেষ করছে ইসি। আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রতারকদের তথ্য হস্তান্তর কিংবা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না সংস্থাটি। একইসঙ্গে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বাংলানিউজকে বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন করে কিংবা প্রতারণা করে অনেকে অন্যের সম্পত্তি হাতিয়ে নিচ্ছেন-এমন অনেক মৌখিক অভিযোগও আসে। কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

ওই কমিশনার বিষয়টির বিশদ আলোচনা করে জানান, ক’দিন আগে আমার এক বন্ধুর আত্মীয় এসেছে নামের বানান ঠিক করতে, সেটি ঠিক করে দিলাম। কয়দিন পরে আবার এসেছে মায়ের ও নানীর নামের বানান ঠিক করতে, সেটিও করে দিলাম। এরপর আবেদন নিয়ে এসেছে খালার নামের বানান ঠিক করতে। তখন বুঝতে পেরলাম সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কারণে সে সবার পরিচয়পত্র সংশোধন করছে। তাই শেষবার ফিরিয়ে দিয়েছি। কিন্তু সে কয়েকদিন পর দেখা করে বলে গেছেন তার খালাটারও সংশোধন করেছেন। তাই বোঝাই যাচ্ছে, ইসি কর্মকর্তাদের কারো না কারো সহায়তায় সেই কাজটি হয়েছে। ধীরে ধীরে নির্বাচন কমিশন পাস পোর্ট অফিসের মতো দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছেও বলে ওই নির্বাচন কমিশনার মন্তব্য করেছেন।

এদিকে পুরো বিষয়টি সম্পূর্ণ নাকচ করে দিয়ে ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগে কোনো দুর্নীতি নেই বলে মন্তব্য করেন এনআইডি বিভাগের পরিচালক মহসীন আলী। তিনি বলেন, এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। আর অবৈধভাবে ভোটার হওয়ারও কোনো সুযোগ নেই। এখানে নিরবিচ্ছিন্ন মনিটরিং সেল আছে, যা কর্মকর্তাদের সব সময় নজরদারির মধ্যে রাখে।

তবে প্রকৃত চিত্র কিন্তু উল্টো। রাজধানীর আগারগাঁওয়ের ইসলামী ফাউন্ডেশন ভবনে স্থাপিত ইসির এনআইডি শাখায় গিয়ে হয়রানি বা ভোগান্তি ছাড়া কোনো ব্যক্তি কাজ উদ্ধার করতে পেরেছেন এমন জন কমই আছেন। অথচ টাকার বিনিময়ে দু’দিনেই সকল সমস্যার সমাধান করে দিচ্ছেন অনেক কর্মকর্তা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026