নিজের বিয়ের অনুষ্ঠানে শতাধিক বরযাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ায় দুঃখ প্রকাশ করলেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ কারণে বৌভাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো অনুষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভির) নিয়ন্ত্রণে আনার নির্দেশনা দিয়েছিলেন সদ্য বিবাহিত এ মন্ত্রী। গতকাল রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯শে অক্টোবর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন কমিউনিটি হলে মন্ত্রীর গায়ে হলুদ অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক আমন্ত্রিত অতিথির মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটিব্যাগ, পার্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। এরপর ৩১শে অক্টোবর কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানেও প্রায় শতাধিক অতিথি মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটিব্যাগ ও পার্সসহ প্রয়োজনীয় ও মূল্যবান জিনিসপত্র খুইয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ই নভেম্বর বৌভাত অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পুরো অনুষ্ঠানস্থল সম্পূর্ণ ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতা করারও অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়, শুধু বৌভাত নয়, তার আগের দিনও পুরো অনুষ্ঠানস্থল সার্বিকভাবে সিসিটিভিসহ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।
উল্লেখ্য, ১৪ই নভেম্বর জাতীয় সংসদ ভবন চত্বরের এলডি হলে বৌভাতের আয়োজন করেছেন রেলমন্ত্রী। এর আগে গত শুক্রবার চান্দিনার মীরাখলা গ্রামে রিক্তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়।