ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে বাংলাদেশে রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-র অভিযানের দ্বিতীয় দিনেও রাজধানীতে গণপরিবহনের সঙ্কট ছিল প্রকট। তবে সোমবারের তুলনায় গাড়ি চলাচল কিছুটা বেড়েছে। অভিযানের মাঝেও গতকাল রাজধানীতে লক্কড়-ঝক্কর মার্কা গাড়ি চলাচল করতে দেখা গেছে। শুধুমাত্র কাগজপত্র ঠিক থাকার কারণে ভ্রাম্যমাণ আদালতে পার পেয়ে গেছে এসব ফিটনেসবিহীন গাড়ি।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত সরে যাওয়ার পর অনেক গাড়ি রাস্তায় নেমে পড়ে। অনেক গাড়ি রুট পরিবর্তন করে চলাচল করেছে। তবে ভ্রাম্যমাণ আদালতের ভয়ে রাস্তায় নামেননি লাইসেন্সবিহীন চালকেরা। গতকাল রাজধানীর তিনটি পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিআরটিএ। অভিযানে কাগজপত্র হালনাগাদ না থাকায় ৮৬টি মামলা করা হয়। তাৎক্ষণিকভাবে ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ৬টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়। আর কাগজপত্র জব্দ করা হয় ১টি গাড়ির। রাজধানীর খিলক্ষেত, শ্যামলী ও বাবুবাজারে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের কারণে রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল করেছে সীমিত আকারে। দুপুরের পর গাড়ির সংখ্যা বাড়তে থাকে। সকালে কিছু কিছু লোকাল সার্ভিসকে গেট লাগিয়ে চলাচল করতে দেখা গেছে। অতিরিক্ত যাত্রী পরিবহনে মামলা হতে পারে এমন আশঙ্কায় গেট লাগানো হয়েছিল বলে গাবতলী থেকে যাত্রাবাড়ী রুটে চলাচলকারী ৮ নম্বর লোকাল বাসের এক হেলপার জানান। দুপুরের পর সব রুটের বাস যাত্রীবোঝাই অবস্থায় দেখা গেছে।
সে সঙ্গে রাস্তায় দেখা যায় লক্কড়-ঝক্কর মার্কা বাস। আবদুল্লাহপুর থেকে বঙ্গবাজার রুটে চলাচলকারী একটি বাসের কয়েকটি জানালার কাচ ভাঙা দেখা যায়। এ বাসের সুপারভাইজার জানান, তার সব কাগজপত্র হালনাগাদ করা আছে। যে কারণে ভ্রাম্যমাণ আদালতে কোন প্রকার ঝামেলায় পড়তে হয়নি। গতকাল অনেক পরিবহন কোম্পানির ছাদেও যাত্রী পরিবহন করতে দেখা যায়। সকাল সোয়া ৮টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় শ’ শ’ যাত্রীকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একটি বাস এলেই হুমড়ি খেয়ে পড়ছে সবাই। ভিড় ঠেলে আগে থেকেই যাত্রীপূর্ণ বাসে উঠতে পেরেছেন মাত্র চার থেকে পাঁচজন। অনেকে জোরপূর্বক বাসের ছাদে উঠে যান।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. আলাউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিআরটিএ ঢাকঢোল পিটিয়ে অভিযান পরিচালনা করছে বলে এমন সঙ্কট সৃষ্টি হয়েছে। গাড়ির মালিকরা কাগজপত্র ঠিক না করে গাড়ি বন্ধ রেখেছেন। সুযোগ বুঝে এসব গাড়ি আবার নেমে পড়বে। বছরজুড়ে এমন অভিযান থাকলে ত্রুটিপূর্ণ গাড়ি থাকতোই না। কয়েকটি রুটের বাসের ড্রাইভারের সঙ্গে কথা বলে জানা যায়, ফিটনেসবিরোধী অভিযানের কারণে অনেক গণপরিবহন বের হয়নি। এজন্য সকালেই গণপরিবহন সঙ্কটে পড়েছে যাত্রীরা।
গাজীপুর থেকে যাত্রাবাড়ী রুটে চলাচলকারী বলাকা পরিবহনের একজন সুপারভাইজার জানান, ভ্রাম্যমাণ আদালতের ভয়ে এ পরিবহনের প্রায় অর্ধেক গাড়ি রাস্তায় নামেনি। এদিকে ভ্রাম্যমাণ আদালতে কর্তব্যরত বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা গাড়ির ফিটনেস ত্রুটি ধরার জন্য কোন গাড়ির দিকে তাকাচ্ছেন না। তারা চাইছেন কাগজপত্র। ফিটনেস কাগজপত্র হালনাগাদ থাকলেই গাড়ি পার পাচ্ছে। এর আগে প্রথম দিনের অভিযানে ঢাকার চারটি স্থানে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিকাল পর্যন্ত জরিমানা আদায় করে এক লাখ ১৬ হাজার টাকা। আর দু’জন চালকের ১৫ দিনের জেল দেয়া হয়। দু’টি বাস জব্দ করা হয়। প্রায় ১০০টি মামলা দেয়া হয়।
বিআরটিএর তথ্য মতে, দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২১ লাখ ৫ হাজার ১৪০টি। মোটরসাইকেল বাদে সংখ্যাটি দাঁড়ায় ৯ লাখ ৭৪ হাজার ৭৩৫টি। সড়ক-মহাসড়কে চলাচলকারী এসব যানবাহনের মধ্যে ৩৩ শতাংশেরই নেই কোনও ফিটনেস সনদ। ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৩ হাজার। এর মধ্যে খোদ রাজধানীতেই ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা ৯৩ হাজার ৬০৪টি। বিআরটিএ’র অভিযানে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল সোনারগাঁও হোটেলে নিটল টাটার এলপি ৯০৯ এসি বাস উদ্বোধনকালে তিনি বলেন, দীর্ঘমেয়াদি স্বস্তির জন্য সাময়িক কষ্ট হজম করতেই হবে। তিনি আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক এবং নসিমন-করিমন। তাই আমি এসব ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আটঘাট বেঁধে নেমেছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালক অপসারণের কারণেই তো অভিযানে নামলাম, আর এখন যদি বলেন জনদুর্ভোগ, তাহলে আমি কি করবো? প্রধানমন্ত্রী আমাকে এ মন্ত্রণালয়ে যেন কোন অপকর্ম না হয় সেজন্য দায়িত্ব দিয়েছেন এমন মন্তব্য করে তিনি বলেন, আমি কোন চাঁদাবাজি করি না, কমিশনও খাই না। তাই আমার বুকে বল আছে। আমিই একমাত্র মন্ত্রী যার রাতে ঘুম হয় না। আমি স্রোতের প্রতিকূলে লড়াই করছি। আমার জীবন ইতিহাসও এই রকম। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালবাসি।
মন্ত্রী বলেন, রাজধানীর রাস্তায় যাত্রীসাধারণের কষ্ট লাঘবে বিআরটিসির বহরে নতুন ৪০০ গাড়ি যোগ হবে। ইতিমধ্যে ১০০টি মিনিবাসের (এসি) অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, ঢাকার শহরের সাধারণ মানুষ রং সাইড দিয়ে গাড়ি চালায় না। প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তিরা একটু জ্যাম হলেই রং সাইড দিয়ে গাড়ি চালায়। এ সময় ট্রাফিক পুলিশ তাদের বাধা দিলে চাকরি খাওয়ার হুমকি দেয়।