সৈয়দ নাহাস পাশা: ভোট জালিয়াতি ও কাউন্সিলের অর্থ অপব্যবহারের অভিযোগ তদন্তের মধ্যেই লল্ডনের টাওয়ার হ্যামলেটের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান বলেছেন, বিতর্কিত হয়ে তিনি গর্বিত।
প্রাইস ওয়াটারহাউজ কুপারসের নিরীক্ষায় টাওয়ার হ্যামলেটের কোনো ত্রুটি ধরা পড়েনি দাবি করে মন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও এনেছেন লুৎফুর। পার্লামেন্টেরিয়ান সুরক্ষার বাইরে এ ধরনের কথা বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
গত ৪ নভেম্বর প্রকাশিত ওয়াটারহাউজ কুপারসের নিরীক্ষা প্রতিবেদনে লুৎফুরের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে নিজের সমর্থকদের সুবিধা দেওয়ার পাশাপাশি নিজের নির্বাচনী প্রচারে কাউন্সিলের অর্থ ব্যয় করার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।
‘অযোগ্য’ প্রতিষ্ঠানকে লুৎফুর অনুদানের অর্থ বরাদ্দ দিয়েছেন বলে প্রমাণ মেলার কথাও জানিয়েছেন নিরীক্ষকরা, যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে উগ্রবাদী সংগঠনও রয়েছে বলে অভিযোগ।
প্রতিবেদনটি প্রকাশের পর ২০১৭ সালের মার্চ পর্যন্ত কাউন্সিলের অনুদান বণ্টন, সম্পদ বিক্রি ও কাউন্সিলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং বিষয়গুলো নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীকে অবগত করতে টাওয়ার হ্যামলেটে তিনজন প্রশাসক নিয়োগের ঘোষণা দিয়েছেন এরিক পিকলস।
এর প্রতিবাদে বুধবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি ব্যাংকোয়েটিং হলে সমাবেশের আয়োজন করে লুৎফুরের দল টাওয়ার হ্যামলেট ফার্স্ট। সেখানে লুৎফুর ছাড়াও লন্ডনের লেবার পার্টির সাবেক মেয়র কেন লিভিংস্টোন, বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের সাবেক এমপি জর্জ গ্যালওয়ে, লেবার পার্টির জাতীয় নির্বাহী পর্ষদের সদস্য ক্রিস্টিন শোক্রফটসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধি ও কমিউনিটির নেতৃত্ব স্থানীয়রা বক্তব্য দেন।
লুৎফুর বলেন, কাউন্সিলের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কেউ তাকে বাধা দিতে পারবে না, এমনকি এরিক পিকলসও নন। কারণ কাউন্সিলের বাসিন্দা ছাড়া অন্য কারো কাছে জবাবদিহি করতে তিনি ‘বাধ্য নন’।
‘জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করায়’ তার সমালোচনা হচ্ছে দাবি করে লুৎফুর বলেন, “লন্ডন হচ্ছে প্যারিস, নিউ ইয়র্কের মতো বিশ্বের অন্যতম শীর্ষ নগরী। আর এই নগরীর প্রাণকেন্দ্রে একজন বাঙালি মুসলিম মেয়র হিসেবে আমি তাদের বিব্রতকর অবস্থায় ফেলেছি যে, মেয়র প্রতিশ্রুতি রক্ষা করে। আমি একজন বিতর্কিত মেয়র হিসেবে নিজেকে গর্বিত মনে করি।”
লুৎফুর রহমানের প্রতি তার দল লেবার পার্টি ‘বিমাতাসুলভ’ আচরণ করছে মন্তব্য করে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোন।
যুক্তরাজ্যের স্থানীয় সরকার মন্ত্রী এরিক পিকলসের বিরুদ্ধে মামলা করতে লুৎফুরকে পরামর্শ দেন এই লেবার নেতা।
কয়েক বছর ধরে লেবার পার্টির পক্ষ থেকে কাউন্সিলর ছিলেন লুৎফুর রহমান। তবে মৌলবাদী গোষ্ঠী ‘ইসলামিক ফোরাম অফ ইউরোপ’র সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০১০ সালে টাওয়ার হ্যামলেটের মেয়র পদে তার দলীয় মনোনয়ন প্রত্যাহার করে লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি।
টাওয়ার হ্যামলেটের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের সাবেক এমপি জর্জ গ্যালওয়ে সমাবেশে বাংলাদেশি এমপি রুশনারা আলীর সমালোচনা করে বলেন, “আপনারা একজন ভুল এমপি পেয়েছেন।”
আগামী নির্বাচনে রুশনারার বিরুদ্ধে প্রার্থী দিতে লুৎফুরের দল টাওয়ার হ্যামলেট ফার্স্টের প্রতি আহ্বান জানান তিনি।
২০১০ সালের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন সিলেটের মেয়ে রুশনারা।
ওই বছরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটে নির্বাহী মেয়র পদে নির্বাচিত হন লুৎফর রহমান, যার বিরুদ্ধে ‘উগ্রপন্থী’ বিভিন্ন গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতার অভিযোগ আগে থেকে রয়েছে।
গত মে মাসে নির্বাচনে লুৎফর পুনর্নির্বাচিত হওয়ার আগে থেকেই নির্বাচনকেন্দ্রিক অনিয়মের অভিযোগ ওঠে। বিবিসির প্যানোরমা অনুষ্ঠানসহ বিভিন্ন সাংবাদিকের অনুসন্ধানে অনিয়মের বিষয়টি উঠে এলে গত এপ্রিল মাসে তদন্তের সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্যের স্থানীয় সরকার মন্ত্রণালয়।
প্রাইস ওয়াটারহাউজ কুপারসের প্রতিবেদনে বলা হয়, লুৎফুর রহমানের নেতৃত্বাধীন পূর্ব লন্ডনের বরো কাউন্সিল টাওয়ার হ্যামলেটে ‘অযোগ্য’ বিভিন্ন প্রতিষ্ঠানকে চার লাখ পাউন্ডের বেশি অনুদান দিয়েছে।
ওই প্রতিবেদন প্রকাশ করে টাওয়ার হ্যামলেটকে ‘পচে যাওয়া’বরো কাউন্সিল বলে আখ্যায়িত করেন যুক্তরাজ্যের স্থানীয় সরকারমন্ত্রী এরিক পিকলস।
এদিকে গত ১০ নভেম্বর যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, মে মাসে অনুষ্ঠিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাচনের ভোট পুনর্গণনা করে ‘উল্লেখযোগ্য অনিয়মের’ প্রমাণ পেয়েছে আদালত।
আগামী জানুয়ারিতে এ অভিযোগের পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া শুরু হতে পারে জানিয়ে এতে বলা হয়, পুনর্গণনায় কারচুপির যে প্রমাণ পাওয়া গেছে, তাতে ওই নির্বাচনের ফল পাল্টে যেতে পারে।