সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১০

সৌদি আরবে হামলার ডাক দিল আইএস

সৌদি আরবে হামলার ডাক দিল আইএস

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিজ নামে ইন্টারনেটে ছাড়া এক অডিও বক্তব্যে সৌদি আরবের শাসকদের বিরুদ্ধে হামলা চালানোর ডাক দিয়েছেন ইসলামিক স্টেট’র শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া ওই বক্তব্যে বাগদাদি তার স্বঘোষিত খলিফা শাসন সৌদি আরবসহ আরো চারটি আরব দেশে প্রসারিত হচ্ছে বলে দাবী করেছেন।

সিরিয়ায় ও ইরাকে আইএস’র বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযান ব্যর্থ হয়েছে দাবী করে বিশ্বব্যাপী জিহাদের আগ্নেয়গিরি ছড়িয়ে দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বের শীর্ষ প্রাকৃতিক তেল রপ্তানীকারক সৌদি আরবে অবস্থানরত আইএস’র সমর্থকদের দেশটির শাসকদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ও আল-হারামায়েন এর সন্তানেরা, সাপের মাথা ও রোগের উৎস ওইখানেই রয়েছে, জীবনের আশা ছেড়ে তরবারি ধর, কারন সালোউলদের জন্য কোনো নিরাপত্তা থাকা উচিত না। ইসলামের সবচেয়ে পবিত্র দুটি স্থানকে আল-হারামায়েন বলা হয়, এই দুটি স্থানই সৌদি আরবে অবস্থিত।

আইএস জঙ্গিগোষ্ঠি ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে নিয়েছে। জুনে ওই দখলকৃত এলাকাকে তারা খলিফা শাসিত ইসলামি রাজ্য বলে ঘোষণা করে। ভাষণে বাগদাদি দাবি করেন, তিনি লিবিয়া, মিশর, ইয়েমেন, সৌদি আরব ও আলজেরিয়ার সমর্থকদের থেকে বশ্যতা স্বীকারের প্রতিশ্রুতি পেয়ে তা গ্রহণ করেছেন।

তিনি বলেন, নতুন দেশে আইএস’র প্রসারণ ঘোষণা করছি আমরা, এসব দেশ হবে আল হারামায়েন, ইয়েমেন, মিশর, লিবিয়া, আলজেরিয়া। তার মূল বক্তব্য আরবীতে হলেও টেপে তার ইংরেজি অনুবাদ দেয়া ছিল। জুনে ইরাক আইএস’র অভিযান শুরু হওয়ার পরপরই সৌদি আরব তার ইরাকি সীমান্তে কয়েক হাজার সেনা মোতায়েন করে নিরাপত্তা জোরদার করে।

বাগদাদির কথিত এই বক্তব্য কবে গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে টেপটিতে কোনো উল্লেখ না থাকলেও এতে ৭ নভেম্বরের তারিখ উল্লেখ করে একটি লাইন রয়েছে। ওই তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে আরো ১৫০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। আইএস’র পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া রেকর্ডকৃত ওই বক্তব্য বাগদাদিরই কিনা তা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরাকি শহর মসুলের একটি মসজিদে দেয়া বাগদাদির শেষ প্রকাশ্য বক্তব্যের কণ্ঠের সঙ্গে এই বক্তব্যের কণ্ঠের মিল আছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

গত সপ্তাহে ইরাকের ফাল্লুজার কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বাগদাদি আহত হয়েছেন এমন একটি পরস্পর বিরোধী ভাষ্যের পরপরই বাগদাদির বলে কথিত এই অডিও টেপটি প্রচার করা হল। তাদের চালানো বিমান হামলায় বাগদাদি আঘাত পেয়েছেন, এমন কোনো খবর তাদের কাছে নেই এবং বিষয়টি তারা নিশ্চিত করতে পারছেন না বলে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026