শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আমি হতভম্ব, বিস্মিত। দীর্ঘ ৯ বছর পর যে চার্জশিটে আমার নাম ঢোকানো হয়েছে তাতে আমার বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নেই। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ কথাগুলো বলেন।
ইতিমধ্যে স্থানীয় বিএনপি সিলেটে আজ রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আর সিটি কাউন্সিলররাও জরুরি সভা করে আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছে। গতকালও সিলেটে এ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ অবস্থায় আলোচিত এ মামলায় তার নাম অন্তর্ভুক্তি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন আরিফুল হক চৌধুরী। বলেন, বৃহস্পতিবার হবিগঞ্জের আদালতে দেয়া আলোচিত এ মামলার চার্জশিটে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে শুনে আমি বিস্মিত ও হতভম্ব হয়েছি। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আলোচিত এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হবে।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমার ন্যূনতম কোন সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার নাম এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আরিফুল হক চৌধুরী সিলেটের বিবেকমান মানুষের কাছে প্রশ্ন রেখে বলেন, ৯ বছর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এর মধ্যে দুই দফা চার্জশিট দেয়া হয়েছে। আর তৃতীয় দফা চার্জশিটে আমার নাম কিভাবে অন্তর্ভুক্ত করা হলো সে বিচার আমি চাইতে পারি।
মেয়র আরিফ বলেন, আমি রাষ্ট্রীয় কাজ সহ সিলেট সিটি করপোরেশনে দায়িত্ব পালন করছি। বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেছি। বৃহস্পতিবার সিলেটের নগরভবনে দায়িত্ব পালন করি। অথচ আমাকে মামলার আসামি করে পলাতক দেখানো হয়েছে। তিনি বলেন, দেশে এখনও আইনের শাসন আছে, ন্যায়বিচার আছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনি লড়াই চালিয়ে যাবো। জয় আমার হবেই।
মামলার তৃতীয় দফা চার্জশিট গত বৃহস্পতিবার হবিগঞ্জের বিচারিক আদালতে দাখিল করেছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। এ মামলায় নতুন করে সিলেটের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করেছে। আর মামলায় নতুন আসামি ১১ জনের মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্তি নিয়ে সিলেটে ক্ষোভ বিরাজ করছে। বৃহস্পতিবার থেকে মেয়র আরিফুল হক চৌধুরী ঢাকায় অবস্থান করছেন। তিনি সিটি করপোরেশনের কাজে ঢাকায় গিয়েছিলেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মনজু।
হয়রানি না করতে কাউন্সিলরদের আহ্বান: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম জড়ানোয় বিস্ময় প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ। শুক্রবার রাতে সিটি করপোরেশনের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় কাউন্সিলররা বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সিলেটের কৃতী সন্তান, বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি স্বনামধন্য ব্যক্তিত্ব।
এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের আহ্বান জানিয়ে কাউন্সিলররা বলেন, আমরাও চাই প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু এই তদন্ত কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে জড়িয়ে যাতে অযথা হয়রানি করা না হয় সে জন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ জন্য সিলেটের অভিভাবক, বাংলাদেশের কৃতী সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি’র হস্তক্ষেপ কামনা করেন কাউন্সিলররা।
সভায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে এই ঘটনায় সম্পৃক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সিটি কাউন্সিলরবৃন্দ শিগগিরই সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। প্যানেল মেয়র সিটি কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মখলিছুর রহমান কামরান, আজাদুর রহমান আজাদ, শাহানারা বেগম, দিনার খান হাসু, সিকান্দর আলী, রেজওয়ান আহমদ, আমজাদ হোসেন, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, তৌফিক বক্স লিপন, ছয়ফুল আমিন বাকের, মোশতাক আহমদ, ইলিয়াছুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, সালেহা কবির শেপী, আবদুল জলিল নজরুল, নজরুল ইসলাম মুনিম, আব্দুল মুহিত জাভেদ, আব্দুর রকিব তুহিন, আমেনা বেগম রুমি, জাহানারা খানম মিলন, তাকবির ইসলাম পিন্টু, দিবা রানী দে বাবলী।
এদিকে, মেয়র আরিফুল হক চৌধুরীকে কিবরিয়া হত্যা মামলার চার্জশিটে আসামি করায় আজ রোববার বিএনপির পক্ষ থেকে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সিলেট জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী। এদিকে, কর্মসূচি সফল করতে সিলেটে প্রস্তুতি চলছে। বিএনপি নেতারা জানিয়েছেন, এই কর্মসূচিতে সরকার থেকে বাধা দেয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সোমবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আমরা সিলেটবাসী। শনিবার বিকালে সিলেট কোর্ট পয়েন্টে এক জনসভায় এ হরতাল আহ্বান করেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও আমরা সিলেটবাসীর সভাপতি আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীসহ সিলেটের সবক’টি থানায় সর্বাত্মক হরতাল পালন করা হবে। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে হরতালের পক্ষে একাত্মতা ঘোষণা করেছেন। আরিফুল হক চৌধুরীর রাজনৈতিক দল বিএনপিও ওই দিন হরতাল করবে এবং হরতালকে সমর্থন দিয়ে রাজপথে থাকবে।
সমাবেশে আব্দুর রাজ্জাক বলেন, ষড়যন্ত্রমূলকভাবে কিবরিয়া হত্যার সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আগে কিবরিয়া হত্যার মামলার চার্জশিট থেকে আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে আমরা সিলেটবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক মানবজমিনকে জানিয়েছেন, হরতাল সফল করতে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে আহূত হরতালে সিলেটবাসীর সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি।