
মঙ্গলবার পার্লামেন্ট সংলগ্ন পোর্টকেলিস হাউসে অনুষ্ঠিত সেমিনারের আয়োজক বাংলাদেশের সরকার বিরোধী একটি পক্ষ হলেও বুধবার হাউস অব পার্লামেন্টে অনুষ্ঠিত সেমিনারটি নিয়েই মূলত কমিউনিটিতে গুঞ্জন বেশি।
ব্রিটেনের প্রবীণ রাজনীতিক ও মানবাধিকার নেতা লর্ড এভিবারিকে সামনে রেখে আয়োজিত এই সেমিনার কাদের স্বার্থ সংরক্ষণ করছে? এ ধরনের সেমিনার বাংলাদেশের রাজনীতিতে কি ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম? এমন সব প্রশ্ন উঠেছে কমিউনিটিতে।
‘বিগত বছরেও লর্ড এভিবারিকে সামনে রেখে এমন সেমিনার অনুষ্ঠিত হয়েছে, সেই সেমিনারের ফলাফল দৃশ্যত তেমন কিছুই দেখা যায়নি’ এমন অভিযোগ করে অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে নির্বাচনের বাইরে থেকে যাওয়া বিএনপি-জামাত জোটের সাথে কিসের সংলাপ? এমন মন্তব্য করছেন, সেখানে ব্রিটেনে এসে ২/৪ জন মাত্র ব্রিটিশ এমপির সামনে বিএনপি নেতাদের সাথে সামনাসামনি বাক-বিতণ্ডা আওয়ামী লীগ নেতাদের জন্য কতটুকু যৌক্তিক? আর নির্ধারিত সময়ে সংলাপের আহ্বান উপেক্ষা করে নির্বাচন বয়কট ও ধ্বংসাত্মক রাজনীতি চর্চার পর আবার সুদূর ব্রিটেনে উড়ে এসে সরকারি দলের নেতাদের সাথে সেমিনারের নামে বাক-বিতণ্ডায় অংশ নেয়া বিএনপি নেতাদের জন্যেই কতটুকু মানানসই?
ব্রিটিশ সরকার বা ফরেন অফিস প্রতিনিধির উপস্থিতি ছাড়াই মাত্র ২/৪ জন ব্রিটিশ এমপি’র সামনে সেমিনারের নামে আওয়ামী লীগ-বিএনপি নেতাদের এইসব বাকবিতন্ডায় পর্দার আড়ালে আর কোনো পক্ষ লাভবান হচ্ছেন কি না, এমন প্রশ্নও উঠেছে কমিউনিটির সচেতন মহলে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ছাড়াও সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষনের দোহাই দিয়েও অতীতে অনেক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। ঐসব সেমিনারেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু নির্যাতনের জন্যে একে অন্যকেই শুধু দোষারোপ করেছেন। কিন্তু সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষনের কোন চেষ্টা দেখা যায়নি। এ সব সেমিনারে নিজেদের কোন লাভ না হলেও পর্দার অন্তরালে অন্য কোন পক্ষ লাভবান হয়েছেন কি না, এমন সন্দেহ এখন দানা বাধছে সংখ্যালঘু কারো কারো মনেও।
বুধবার হাউস অব লর্ডসে ‘বাংলাদেশ: ৪৩ ইয়ার্স অব ইন্ডিপেন্ডেন্ট, ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস এন্ড থ্রেট টু সেক্যুলারিজম’ শীর্ষক সেমিনারটির আয়োজন করা হয়েছে পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ার ও ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান বয়োবৃদ্ধ ব্রিটিশ রাজনীতিক লর্ড এভিবারির নামে।
উদ্যোক্তারা জানাচ্ছেন সেমিনারে বাংলাদেশ সরকারের পক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, আওয়ামী লীগ দলীয় এমপি তারানা হালিম ও ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান।
বিএনপি’র পক্ষে সেমিনারে অংশ নিচ্ছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী প্রমুখ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফয়েজ, লর্ড কারলাইল, ড. চার্লস টেনক এমইপি, জিন লিমবার্ট এমইপি, ব্যারোনেস উদ্দিন, লর্ড হোসেইন, জিম ফিটজপেট্রিক এমপি, নিক ডি বয়েস এমপি ও বীরেন্দ্র শর্মা এমপিরও সেমিনারের সাধারণ আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে। সেমিনারে সভাপতিত্ব করবেন লর্ড এভিবারি ও আন মেইন এমপি।
অপরদিকে মঙ্গলবার হাউস অব পার্লামেন্ট সংলগ্ন পোর্টকেলিস হাউসে আয়োজিত সেমিনারটির আয়োজক সরকার বিরোধী একটি গ্রুপ। যুক্তরাজ্য বিএনপি’র সাবেক আহ্বায়ক এম এ মালেক এই সেমিনারটি আয়োজনে মূল ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। সেমিনারে বাংলাদেশ থেকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, ড. তুহিন মালিকসহ অন্যান্যরা যোগ দিতে পারেন বলে জানা গেছে। জামাত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই সেমিনারে উপস্থিত থাকছেন, কমিউনিটিতে এমন গুঞ্জন শোনা গেলেও সেমিনার আয়োজনের মূল ভূমিকা পালনকারী এম এ মালেকের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া না যাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এই সেমিনারে আলোচনা হবে বলে জানা গেছে। ব্যারিস্টার রাজ্জাক নাকি দীর্ঘ হোমওয়ার্ক করেই এই সেমিনারে উপস্থিত হচ্ছেন, এমনটিই শোনা যাচ্ছে কমিউনিটির গুঞ্জনে। এই সেমিনারে সায়মন ডানসাক এমপি ও উদ্যোক্তা এম এ মালেকের এলাকার স্থানীয় এমপিসহ আরও ২/১জন ব্রিটিশ এমপি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সায়মন ডানসাক বাংলাদেশের মহাজোট সরকারের কঠোর সমালোচক হিসেবে কমিউনিটিতে ব্যাপক আলোচিত-সমালোচিত একজন ব্রিটিশ এমপি।
এদিকে, মঙ্গলবার সরকার বিরোধী পক্ষের উদ্যোগে সেমিনার, আর তারপর দিনই আওয়ামী লীগ-বিএনপি দু‘পক্ষের উপস্থিতিতে সেমিনার এ দুটো সেমিনার কাকতালীয় না কোনো পরিকল্পনা মাফিক হচ্ছে তা নিয়েও চলছে ব্যাপক কানাঘুষা।
জামাত নেতা ব্যারিস্টার রাজ্জাকের দীর্ঘ হোমওয়ার্ক হাতে নিয়ে বুধবার হাউস অব লর্ডসের সেমিনারে সরকার পক্ষকে বিব্রত করার প্রস্তুতি রয়েছে বিএনপি নেতাদের। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র সাথে ঘনিষ্ঠ একটি সূত্রে এমন খবর জানা গেছে। বিএনপি’র সাথে কিসের সংলাপ? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের পরও ব্রিটিশ পার্লামেন্টে বিএনপি নেতাদের মুখোমুখি-আওয়ামী লীগ নেতারা, এই বিষয়টি তৃতীয় কোন পক্ষকে দিয়ে উত্থাপন করে ব্রিটিশ রাজনীতিকদের সামনে সরকারি প্রতিনিধি দলের নেতা এইচ টি ইমামকে বিব্রত করার পরিকল্পনা রয়েছে, ঐ সূত্র এমনটি জানিয়েছে বাংলানিউজকে।
সূত্র জানায়, আন্দোলনের চেয়ে বিদেশিদের চাপে নতুন নির্বাচন আদায়ের পরিকল্পনাকে গুরুত্ব দেয়া হচ্ছে বিএনপি’র পক্ষ থেকে। আর এ কারণেই বিদেশিদের সামনে সরকারকে যতবেশি বিব্রত করা যায় ততই লাভ, বিএনপি এমনটাই মনে করছে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজেই বিষয়গুলো তদারক করছেন সূত্র এমনটিই জানায় বাংলানিউজকে।
শমসের মোবিন চৌধুরী সেমিনারে অংশগ্রহণের আগে তারেকের সাথে বৈঠক করে বিস্তারিত ব্রিফ নিয়ে যাবেন বলেও বাংলানিউজকে জানায় সূত্রটি।
এদিকে, ব্রিটিশ ফরেন অফিস বা সরকারের উপস্থিতি ছাড়া এ ধরনের সেমিনার বাংলাদেশের রাজনীতিতে কতটুকু প্রভাব রাখে, বুধবার লর্ড এভিবারির নামে আয়োজিত সেমিনারের অন্যতম উদ্যোক্তা সুজিত সেনকে এমন প্রশ্ন করলে বাংলানিউজকে তিনি বলেন, প্রতি সপ্তাহেই লর্ড এভিবারি ফরেন অফিসের সাথে কথা বলেন, বিস্তারিত রিপোর্ট দিয়ে থাকেন ফরেন অফিসকে। ফলে সেমিনারে ফরেন অফিস প্রতিনিধি উপস্থিত না থাকলেও সবকিছু মনিটর হয় ঠিকভাবেই। সুজিত জানান, লর্ড এভিবারি এমন একজন রাজনীতিক, প্রধান তিনটি রাজনৈতিক দলসহ ব্রিটিশ রাজনীতিকদের কাছে যার রয়েছে আলাদা একটি ইতিবাচক ইমেজ। সুতরাং লর্ড এভিবারির উদ্যোগে আয়োজিত সেমিনারগুলো বাংলাদেশের রাজনীতিতে কোন প্রভাব রাখছে না, এমনটি ভাবা ঠিক নয়।
সুজিতের মতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে বেশ কয়েকটি সেমিনার আয়োজনের পর এই নির্যাতন বাংলাদেশে অনেকটা কমে এসেছে। মঙ্গলবার সরকার বিরোধী পক্ষের উদ্যোগে পোর্টকেলিস হাউসে আয়োজিত সেমিনারের সাথে বুধবার তাদের সেমিনারের কোনই সম্পর্ক নেই এমন উত্তর দিয়ে এক প্রশ্নের জবাবে সুজিত সেন বলেন, অবশ্য আমাকেও ঐ সেমিনারে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।
এদিকে, বুধবার হাউস অব লর্ডসে আয়োজিত সেমিনার নিয়ে স্থানীয় সাংবাদিকদের আগ্রহ থাকলেও সেমিনারে তাদের অনেকেই আমন্ত্রণ পাননি বলে বাংলানিউজের কাছে অভিযোগ করেছেন। অভিযোগকারীরা বলছেন, সেমিনারের উদ্যোক্তা সুজিত সেনের সাথে বার বার টেলিফোন করলেও তিনি টেলিফোন ধরছেন না বা ম্যাসেজেরও জবাব দিচ্ছেন না।
ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত বাংলাদেশ বিষয়ক সেমিনারগুলো দিয়ে কি পাচ্ছে বাংলাদেশ এটি গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে, এমনটাই মনে করছেন কমিউনিটির সচেতন মহল।
তারা বলছেন, নিজ দেশে আমাদের সমস্যা নিয়ে রাজনীতিকরা বসতে না পারলেও বিদেশে উড়ে এসে ভীনদেশীদের সামনে বাক-বিতণ্ডায় জড়িত হতে তাদের আপত্তি নেই।
এতে দেশের, দেশের রাজনীতিকদের, সর্বোপরি এদেশে বসবাসরত কমিউনিটির সম্মান কতটুকু বাড়ে এটি বিবেচনায় নেয়া উচিত প্রধানমন্ত্রীসহ শীর্ষ রাজনীতিকদের।
নিজের পকেটের, দলের বা সরকারের পয়সা খরচ করে ফলাফল যদি হয় ‘ঘোড়ার ডিম’-তাহলে এমন সেমিনারের কি প্রয়োজন আছে, সংশ্লিষ্টদের প্রতি কমিউনিটির এমনটিই জিজ্ঞাসা।