শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪ আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে । সিলেটের শাহী ঈদগাস্থ সদর উপজেলা খেলার মাঠে এ মেলার আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশী-বিদেশী বেশ কিছু স্টল ইতোমধ্যেই মেলায় অংশগ্রহণ করেছে। আগামীকাল বিকাল সাড়ে ৪টায় মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের মেলায় চেস্বার অফিসের পাশাপাশি মিডিয়া সেন্টারও রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসএমসিসিআইর নিজস্ব সিকিউরিটি এবং ভলেন্টিয়ার গ্রুপ কাজ করবে। নিরাপত্তার জন্য পুরো মাঠ জুড়ে বসানো হয়েছে সিকিউরিটি ক্যামেরা। এসবের সাথে এবারের মেলার মূল আকর্ষণ শিশুদের বিনোদনের জন্য শিশুপার্কও। এছাড়া নামাজের জন্য রয়েছে মসজিদ।
মেলায় প্রবেশ করতে হলে ১০টাকা দিয়ে কাউন্টার থেকে টিকেট কিনতে হবে। তবে টিকেটের একটি অংশ র্যাফেল ড্রর জন্য নির্দিষ্ট বক্সে ফেলতে হবে। এক সাথেও তা জমা দেওয়া যাবে। একমাস পর ড্র অনুষ্ঠিত হবে। পুরস্কার হিসেবে রয়েছে টাটার একটি ন্যানো কার। এছাড়া ৫টি মোটরসাইকেল, এলসিডি টিভি, ফ্রিজ, মোবাইলসহ মোট ১০১টি পুরস্কার রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।
এবারের মেলায় দেশী-বিদেশী মোট ১৬০টি স্টল, ৪টি মেগা প্যাভিলিয়ন, ৪টি প্রিমিয়ার, ৩টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ৩টি ফরেন জোন ও ৪টি টেক্সটাইল জোন, ২টি ফুড কর্ণার রয়েছে। দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও ইন্ডিয়া, পাকিস্তান, চীন, কোরিয়া, ইরান, তুরস্ক, থাইল্যান্ডসহ বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করছে। ইতোমধ্যে চীন এবং পাকিস্তান মেলায় তাদের স্টল বসিয়েছে। ৭ ডিসেম্বর চট্রগ্রাম বাণিজ্যমেলা শেষ করে অন্যান্য দেশও মেলায় অংশ নেবে বলে জানা গেছে। এদিকে মেলায় রিয়েল এস্টেট, আইটি টেলিকম জোন, ট্যুরিজম সেন্টার ও ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা ও মহিলা উদ্যোক্তাদের জন্য রেয়াতি মূল্যে বেশ কিছু স্টল রয়েছে।